দেশের অন্যতম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করতে সম্প্রতি বাংলাদেশে এসেছে আন্তর্জাতিক রিয়েল এস্টেট ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। চার সদস্যের এই বিশেষ দল গত শুক্রবার প্রকল্পের বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে দেখেন, যা রূপায়ণ গ্রুপের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
এই প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন থাইল্যান্ডের এফআইএবিসিআই-এর সভাপতি সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্লেটন ওয়েড, ফুকেট এফআইএবিসিআই-এর সভাপতি সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ। রূপায়ণ সিটি উত্তরায় পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান হাবিব।
সফর চলাকালীন প্রতিনিধিদলটি রূপায়ণ সিটি উত্তরার আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা, সুপরিকল্পিত অবকাঠামো এবং কঠোর নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখেন। একইসঙ্গে প্রকল্পের বিস্তৃত সবুজ এলাকা ও উন্মুক্ত পরিসরগুলো তারা ঘুরে দেখেন। বিশেষ করে প্রকল্পটির সমন্বিত কমিউনিটি জীবনধারা, পরিবেশবান্ধব নকশা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন তারা।
পরিদর্শনের পর প্রতিনিধিদলটি রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের ভূয়সী প্রশংসা করে। তাঁদের মতে, এই ধরনের পরিকল্পিত সবুজ এলাকা এবং খোলা জায়গা বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে সহায়ক হবে এবং বিশেষ করে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।




