বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ায় কমিশন সচিবালয়ে এক শুভেচ্ছা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচিবালয়ের সচিব মো. ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাজমুল আমীন মজুমদার।

প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, দীর্ঘ কর্মজীবনে দিলাওয়েজ দুরদানা সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর বিচক্ষণ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা পিএসসির কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তিনি প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বলেও উল্লেখ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কমিশনের সদস্যবৃন্দ ও সচিবালয়ের সচিব বিদায়ী কর্মকর্তার কর্মনিষ্ঠা, মানবিক নেতৃত্ব এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁদের মতে, দিলাওয়েজ দুরদানা তাঁর কাজের মাধ্যমে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

বিদায়ী বক্তব্যে দিলাওয়েজ দুরদানা পিএসসির সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পিএসসি সচিবালয়ে দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি অত্যন্ত গৌরবময় অধ্যায়। দায়িত্ব পালনের সময় সবার সহযোগিতা ও শুভকামনা তিনি চিরদিন স্মরণে রাখবেন বলেও জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানের সমাপনী অংশে কমিশনের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষা নিয়ন্ত্রককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় সচিবালয়ের যুগ্ম সচিব, উপসচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।