ফিতরাতি বাস্তুবিদ্যার জ্ঞানতত্ত্বে জাহালাতের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কারণ জ্ঞান শুধু আলোর উপস্থিতি নয়; অন্ধকারের মধ্যেই আলোর অর্থ স্পষ্ট হয়। যে দর্শন কেবল সত্যের উৎপত্তি ব্যাখ্যা করে কিন্তু অসত্যের উৎপত্তি ব্যাখ্যায় ব্যর্থ, তার জ্ঞানতত্ত্ব অসম্পূর্ণ থেকে যায়। তাই এই দর্শনে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে—মানুষ কেন ভুল জানে? সত্য উপস্থিত থাকার পরও কেন তা অস্বীকার করে? একই ফিতরাত ও মানবিক অভিজ্ঞতার মধ্যে থেকেও কেন পরস্পরবিরোধী বাস্তবতার নির্মাণ ঘটে? এমন প্রশ্নের উত্তর খোঁজাই জাহালাতের দর্শনের মূল লক্ষ্য।

এই দর্শনে প্রথমে একটি মৌলিক পার্থক্য নির্ধারণ করা হয়। অজ্ঞতা মানে কেবল তথ্যের অভাব নয়। অনেক সময় জানার সুযোগ না পাওয়ায় মানুষ অজানা থেকে যায়; এটি জ্ঞানগত অপূর্ণতা। কিন্তু আরও গভীর একটি জাহালাত রয়েছে, যেখানে মানুষ জেনেও সত্যকে বিকৃত করে। আংশিক সত্যকে পূর্ণ সত্য হিসেবে দাবি করা বা নিজের স্বার্থে হাকিকতকে পুনর্নির্মাণ করা—এই দ্বিতীয় রূপটি বিকৃতি। ফিতরাতি বাস্তুবিদ্যার প্রধান আলোচ্য এই দ্বিতীয় ক্ষেত্র, কারণ সভ্যতার বড় সংকটগুলো সাধারণত জ্ঞানের বিকৃতি থেকে সৃষ্টি হয়।

ইতিহাসে দেখা যায়, বৈজ্ঞানিক অনুসন্ধান অর্থনৈতিক স্বার্থে গোপন করা হয়েছে, ধর্মীয় ব্যাখ্যা রাজনৈতিক সুবিধার জন্য পরিবর্তিত হয়েছে, এবং ঐতিহাসিক বর্ণনা বিজয়ীদের দৃষ্টিকোণ থেকে পুনর্লিখিত হয়েছে। এই দর্শনে জাহালাতকে অস্তিত্বগত ভারসাম্যচ্যুতি হিসেবে দেখা হয়। মানুষ শুধু চিন্তার সত্তা নয়; তার সত্তায় নফস, আকল, ক্বালব, ফিতরাত ও সামাজিক অভিজ্ঞতার সমন্বয় রয়েছে। এই স্তরগুলোর কোনো একটি যখন যথার্থ সীমা অতিক্রম করে অন্য স্তরকে গ্রাস করতে চায়, তখন জ্ঞানের মিজান বিপন্ন হয়। ফলে ভুল সিদ্ধান্ত মানুষের অস্তিত্বের অভ্যন্তরেই সূচনা পায়। আল কোরআনের ভাষায় জাহালাত অনেক সময় আখলাকি বিচ্যুতির সঙ্গে সম্পর্কিত; কারণ সত্য জানার ক্ষমতা হারানোর আগে কেউ কেউ সত্যকে গ্রহণ করার ইচ্ছাই হারিয়ে ফেলে।

নফসের ভূমিকা এখানে মৌলিক। নফস মানুষের প্রয়োজন, প্রত্যাশা ও আত্মরক্ষার কেন্দ্র। কিন্তু সীমা অতিক্রম করলে সে হাকিকতকে নিজের ইচ্ছামতো দেখতে ও দেখাতে শুরু করে। তখন মানুষ সত্যকে অনুসরণ করে না; বরং এমন সত্য বেছে নেয় যা তার নফসানিয়াতকে জায়েজ করে। ফলে জাহালাতের সূচনা তথ্য বিকৃতির চেয়ে ইচ্ছার বিকৃতির মাধ্যমে বেশি ঘটে। আকল তখন বিচারক থাকে না; নফসের উকিলে পরিণত হয়। যুক্তি তখন পূর্বনির্ধারিত অবস্থান রক্ষার উপকরণ হয়ে ওঠে। এই অবস্থায় জ্ঞান আত্মপক্ষসমর্থনের যন্ত্রে পরিণত হয়।

জাহালাতের আরেকটি উৎস ক্ষমতার আকাঙ্ক্ষা। ক্ষমতা শুধু রাজনৈতিক নয়; জ্ঞানগত ক্ষমতাও আধিপত্যের প্রবণতা তৈরি করে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্কুল যখন ঘোষণা করে যে বাস্তবতার বৈধ ব্যাখ্যা একমাত্র তার হাতেই, তখন জ্ঞান ধীরে ধীরে মতাদর্শে রূপ নেয়। মতাদর্শ প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করে, পরে দলিল খোঁজে। কিন্তু ইলমের স্বভাব বিপরীত—প্রথমে হাকিকত জানা, তারপর সিদ্ধান্তে পৌঁছানো। তাই জ্ঞানকে ক্ষমতার যন্ত্রে পরিণত করাই জ্ঞানবিকৃতির একটি বড় কারণ।

অনেকেই তথ্যের প্রাচুর্যকে জ্ঞানের সমার্থক মনে করেন। কিন্তু তথ্য সঞ্চয় ও প্রজ্ঞার বিকাশ এক নয়। ডিজিটাল অ্যালগরিদম মানুষের মনোযোগকে তার পূর্বপছন্দে আবদ্ধ রাখে। লোভও জাহালাতের একটি সূক্ষ্ম উৎস—সম্পদের পাশাপাশি মর্যাদা, খ্যাতি ও নিরাপত্তার জন্যও মানুষ বাস্তবতাকে বিকৃত করে। এসব ক্ষেত্রে জ্ঞানের সংকট তথ্যগত নয়; নৈতিক। সত্য উপস্থিত ছিল, কিন্তু স্বার্থ তার ওপর পর্দা বিস্তার করেছে। ফলে জাহালাত অনেক সময় মিথ্যার উৎপাদন নয়; সত্যের নির্বাচিত বর্জন।

ফিতরাতি বাস্তুবিদ্যা আদর্শিক পক্ষপাতকেও জ্ঞানবিকৃতির শক্তিশালী কারণ হিসেবে দেখে। প্রত্যেক মানুষ একটি ভাষা, সংস্কৃতি ও চিন্তার পরিমণ্ডলে বেড়ে ওঠে। এই কাঠামো জগৎ বোঝার জন্য অপরিহার্য, কিন্তু যখন তা নিজেকে চূড়ান্ত বাস্তবতা বলে প্রতিষ্ঠা করতে চায়, তখন মানুষ তার পূর্বধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন তথ্যও অস্বীকার করে। তখন মানুষ সত্যকে না দেখে নিজের মানসিক মানচিত্রকে দেখে। ফলে জাহালাত শুধু অন্ধত্ব নয়; নির্বাচিত দৃষ্টিশক্তি।

জ্ঞানগত তাকাব্বুরি জাহালাতের সবচেয়ে বিপজ্জনক রূপগুলোর একটি। যখন মানুষ মনে করে তার অর্জিত জ্ঞানই বাস্তবতার চূড়ান্ত ব্যাখ্যা, তখন শেখার ক্ষমতা ক্ষীণ হয়। সে প্রশ্নকে ভয় পায়, সংশোধনকে অপমান মনে করে এবং হককে হুমকি হিসেবে দেখে। এই অহংকার ব্যক্তি, সম্প্রদায় ও সভ্যতার সব স্তরে জন্ম নিতে পারে।

অথচ প্রকৃত ইলমের বৈশিষ্ট্য হলো নিজের অসম্পূর্ণতা সম্পর্কে সচেতন থাকা। জাহালাতের খাসলত হলো নিজেকে পরিপূর্ণ মনে করা। তাই অনেক সময় অজ্ঞ মানুষ জানে না যে সে জানে না; সে নিশ্চিত থাকে, সে সব জানে। এই আত্মনিশ্চয়তাই জাহালাতকে দীর্ঘস্থায়ী করে। বর্তমানে প্রযুক্তি জাহালাতের নতুন রূপ তৈরি করেছে। তথ্যের প্রাচুর্যকে জ্ঞান মনে করা হয়, কিন্তু অ্যালগরিদম মানুষকে নিজের বিশ্বাসের প্রতিধ্বনির জগতে আবদ্ধ রাখে। বাস্তবতার নির্বাচিত খণ্ডাংশ হাজির হয়। ধীরে ধীরে মানুষ তথ্যসমৃদ্ধ হয়েও সত্যবিমুখ হতে থাকে। এই অবস্থাকে নতুন ধরনের জাহালাত হিসেবে বিবেচনা করা হয়, যেখানে তথ্যের প্রাচুর্যই হিকমাহর সবচেয়ে বড় প্রতিবন্ধক হতে পারে।

তবে জাহালাতের সবচেয়ে গভীর স্তর হলো ফিতরাতের নিস্তব্ধতা। মানুষ যখন বারবার সত্যকে অস্বীকার করে, অন্যায়কে স্বাভাবিক বলে গ্রহণ করে এবং নিজের নৈতিক সংবেদনশীলতাকে উপেক্ষা করে, তখন তার অন্তর্গত সাক্ষ্য দুর্বল হয়ে পড়ে। সে তখন শুধু ভুল জানে না; ভুলকে স্বাভাবিকও মনে করতে থাকে। এই অবস্থায় জাহালাত অস্তিত্বগত অভ্যাসে পরিণত হয়। বাহ্যিক জ্ঞান বৃদ্ধি পেলেও অন্তর্দৃষ্টি সংকুচিত হতে থাকে।

এ কারণে ফিতরাতি বাস্তুবিদ্যায় জাহালাতের প্রতিষেধক শুধু আরও বেশি তথ্য নয়। তথ্য অজ্ঞতার একটি অংশ দূর করতে পারে; কিন্তু জ্ঞানবিকৃতি দূর করতে প্রয়োজন তাজকিয়াহ, নৈতিক শুদ্ধি, বুদ্ধিবৃত্তিক সততা, সমালোচনামূলক আত্মসমীক্ষা এবং সত্যের প্রতি আন্তরিক আনুগত্য। যে হৃদয় সত্যকে গ্রহণ করতে প্রস্তুত নয়, তার কাছে শক্তিশালী প্রমাণও অকার্যকর। আবার যে হৃদয় সত্যের জন্য বিনয়ী, সে সীমিত তথ্য থেকেও সঠিক হেদায়েত পেতে পারে। অতএব এই দর্শনের ভাষায় জাহালাত শুধু জ্ঞানের বিপরীত দশা নয়; এটি জ্ঞানের নেজাম থেকে বিচ্যুতি। আকলের পরাজয় নয়; এটি আকল, নফস, ক্বালব ও ফিতরাতের মধ্যে ভারসাম্য হারানোর ফল। তাই ইলমের প্রকৃত লক্ষ্য মানুষের ভেতরের সেই মিজান পুনঃপ্রতিষ্ঠা করা, যার মাধ্যমে সে হাকিকতকে ঠিক যেভাবে আছে সেভাবেই গ্রহণ করবে। এই মিজান মানুষকে জাহালাত থেকে হিকমাহর দিকে, বিভ্রম থেকে হাকিকতের দিকে এবং আধিপত্যের আকাঙ্ক্ষা থেকে আমানতদারির চেতনার দিকে নিয়ে যায়।