মক্কা থেকে মদিনায় নবী মুহাম্মদ (সা.)-এর যাত্রা শুধু ভৌগোলিক স্থান পরিবর্তন ছিল না; এটি ছিল ইসলামি ইতিহাসের একটি গভীর বাঁক বদল। হিজরি সনের সূচনা আমাদের সেই ঘটনার কথা মনে করিয়ে দেয়, যা আরব উপদ্বীপের সামাজিক-রাজনৈতিক কাঠামোকে নতুন করে সাজিয়েছিল এবং বিশ্ব সভ্যতার ওপর দীর্ঘস্থায়ী ছাপ রেখেছিল। এই অভিবাসনের মাধ্যমে ইসলাম দুর্বল অবস্থান থেকে শক্তিশালী ভিত্তির দিকে এগিয়ে যায়, ব্যক্তিগত পর্যায়ের আহ্বান থেকে রাষ্ট্রীয় কাঠামোর দিকে অগ্রসর হয় এবং একটি ক্ষুদ্র বিশ্বাসী দল থেকে সুসংগঠিত উম্মাহে পরিণত হয়। এভাবে মুসলিম সমাজ অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ অর্জনের সাক্ষী হয়।
প্রথমত, মদিনায় আগমনের পর মুসলিমরা আত্মরক্ষার সুযোগ পান। মক্কায় কুরাইশদের নির্যাতন, অপমান ও প্রাণহানির হুমকির মুখে তাঁরা দুর্বল অবস্থানে ছিলেন। কিন্তু মদিনায় একটি নিরাপদ আশ্রয় পেয়ে তাঁরা সামরিক ও রাজনৈতিক শক্তি অর্জন করেন। বদর ও উহুদের মতো সংঘর্ষে শত্রুপক্ষকে পরাজিত করে তাঁরা নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা প্রমাণ করেন। সিরাতুন নবীর বর্ণনা অনুসারে, মহানবী (সা.) সেখানে একটি শক্তিশালী সম্প্রদায় গঠন করেন, যা ইসলামের সুরক্ষা ও বিস্তারে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। (ইবন হিশাম, সিরাতুন নবী)
দ্বিতীয়ত, দাওয়াতের পরিধি ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে রাষ্ট্রীয় স্তরে বিস্তৃত হয়। মক্কায় ইসলাম প্রচার ছিল সীমিত ও গোপনীয়। হিজরতের পর মদিনায় একটি ইসলামি রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়, যেখানে ধর্মীয় বার্তা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নীতিমালার মাধ্যমে ছড়িয়ে পড়ে। মহানবী (সা.) মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে বিভিন্ন ধর্ম ও গোত্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নিয়মকানুন নির্ধারণ করেন। এই দলিল আধুনিক কল্যাণ রাষ্ট্রের আদর্শ হিসেবে বিবেচিত হতে পারে এবং এটি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের শান্তিপূর্ণ বার্তাকে কার্যকর করার পথ খুলে দেয়।
তৃতীয়ত, ক্ষুদ্র গোষ্ঠী থেকে একটি শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার ঘটনা ঘটে। মক্কায় মুসলিমরা ছিল বেষ্টনীর মধ্যে আবদ্ধ একটি ছোট দল। মদিনায় আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হয়। মহানবী (সা.) ঘোষণা করেন যে, তাঁরা পরস্পরের ভাই—এই বন্ধন আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিষ্ঠিত। সহিহ বুখারির একটি হাদিসে (৬০৬৫) এই ঐক্যের কথা উল্লেখ রয়েছে। ফলস্বরূপ, মদিনা একটি শক্তিশালী কেন্দ্রে রূপ নেয়, যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে মুসলিম সম্প্রদায় একটি অভিন্ন লক্ষ্য নিয়ে সংগঠিত হতে সক্ষম হয়।
চতুর্থত, ইসলামের বার্তা আঞ্চলিক সীমা অতিক্রম করে বিশ্বমুখী হয়ে ওঠে। মক্কায় প্রচার মূলত কুরাইশ ও নিকটবর্তী গোত্রগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু মদিনা থেকে মহানবী (সা.) পারস্য, মিশর ও বাইজান্টাইন সাম্রাজ্যের শাসকদের কাছে চিঠি পাঠান এবং ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানান। ইবন সা’দের তাবাকাত গ্রন্থে (১/২৬৫) উল্লেখ আছে যে, সম্রাট হেরাক্লিয়াস ও কিসরার কাছেও এই ধরনের বার্তা প্রেরণ করা হয়েছিল। এ পদক্ষেপ ইসলামের সার্বজনীনতা ও বিশ্বমঞ্চে এর অবস্থানকে শক্তিশালী করে তোলে।
পঞ্চমত, মুসলিমরা একটি ছোট বিশ্বাসী দল থেকে সুসংগঠিত উম্মাহে রূপান্তরিত হন। মদিনায় নামাজ, জাকাত ও বিচারব্যবস্থার মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে। জাতি-রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে মুসলিম সমাজ একটি সংগঠিত সম্প্রদায়ে পরিণত হয়। কোরআনের সুরা আল-ইমরানের ১১০ নম্বর আয়াতে বলা হয়েছে, মুসলিমরা মানুষের জন্য উদ্ভাবিত শ্রেষ্ঠ উম্মত, যাঁদের দায়িত্ব সৎকাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ থেকে নিষেধ করা। এই রূপান্তর ইসলামকে শুধু ধর্মীয় বিশ্বাসের বাইরে একটি পূর্ণাঙ্গ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত করে।
ষষ্ঠত, ইসলাম প্রধানত ইবাদতকেন্দ্রিক ধর্ম থেকে একটি ব্যাপক জীবনব্যবস্থায় পরিণত হয়। হিজরতের আগে মাক্কী কোরআনে তাওহিদ ও আধ্যাত্মিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল—যেমন সুরা আল-ইখলাসে আল্লাহর একত্ব ও অদ্বিতীয়তার কথা বলা হয়েছে। কিন্তু মাদানী কোরআনে জীবনের বিভিন্ন দিক—উত্তরাধিকার, বিবাহ, সামাজিক সম্পর্ক ও অর্থনৈতিক নিয়ম—উল্লেখ করা হয়। (সুরা নিসা, আয়াত ১১-১২) এভাবে ইসলাম ধর্মীয় অনুশীলনের সীমা ছাড়িয়ে রাজনীতি, অর্থনীতি ও সামাজিক সম্পর্ককে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ জীবনদর্শনে পরিণত হয়।
মদিনায় হিজরত তাই ইসলামি ইতিহাসের একটি বাঁক বদলকারী ঘটনা। এটি ত্যাগ, ঐক্য ও আল্লাহর ওপর নির্ভরতার শিক্ষা দেয়। হিজরি নববর্ষের এই সময়ে আমরা সেই শিক্ষাগুলোকে হৃদয়ে ধারণ করে ইসলামি আদর্শের আলোকে জীবন গড়ার প্রতিশ্রুতি নবায়ন করতে পারি। এই ঘটনাবলি আমাদের মনে করিয়ে দেয় যে, দুর্বলতা থেকে শক্তির পথে অগ্রসর হতে ঐক্য ও সুশৃঙ্খল নেতৃত্বের কোনো বিকল্প নেই।
সূত্র: অ্যাবাউট ইসলাম ডট নেট




