মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যৎ, কর্মজীবন, পারিবারিক শান্তি—সবকিছুকে প্রভাবিত করে। কী গ্রহণ করা উচিত আর কী বর্জন করা ভালো—এই সংশয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েন এবং মানসিক অস্থিরতায় ভোগেন। ইসলাম এই পরিস্থিতিতে আল্লাহর ওপর নির্ভর রেখে সুস্থ ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রদান করেছে।
প্রথম ধাপ হলো শান্ত থাকা ও আবেগকে সংযত করা। দ্রুত বা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ইসলামি দৃষ্টিতে বুদ্ধিমানের কাজ নয়। ধৈর্য, চিন্তাভাবনা এবং স্থিরতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। উহুদ যুদ্ধের কঠিন মুহূর্তে সাহাবাদের ভুলের পরও নবীজির (সা.) প্রতি আল্লাহ তা'আলা সহানুভূতি ও নম্রতা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন এবং অস্থিরতার কুফল উল্লেখ করেছেন। কুরআনে বলা হয়েছে, “আল্লাহর অনুগ্রহেই আপনি তাদের প্রতি কোমলহৃদয় হয়েছেন। যদি আপনি রূঢ় ও কঠোরচিত্ত হতেন, তবে তারা আপনার চারপাশ থেকে সরে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন।” (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯)
দ্বিতীয়ত, অভিজ্ঞ ও প্রজ্ঞাবান মানুষের পরামর্শ গ্রহণ করা। একার চিন্তায় অনেক সীমাবদ্ধতা থাকে; কিন্তু সমাজের কল্যাণকামী, জ্ঞানী ও আল্লাহভীরু ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে বিষয়টির নতুন দিক খুলে যায়। ইসলামি সংস্কৃতিতে এই পারস্পরিক পরামর্শ বা ‘শুরা’ অত্যন্ত বরকতময় একটি প্রথা। কুরআনে মুমিনদের গুণ হিসেবে পরামর্শের কথা উল্লেখ করে বলা হয়েছে, “এবং যারা তাদের প্রতিপালকের ডাকে সাড়া দিয়েছে, নামাজ কায়েম করেছে, এবং যাদের যাবতীয় কাজকর্ম পারস্পরিক পরামর্শের মাধ্যমে নির্ধারিত হয়, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।” (সুরা শুরা, আয়াত: ৩৮)
তৃতীয় ধাপে নিজের বিবেক-বুদ্ধি প্রয়োগ ও পরামর্শের পর আল্লাহর কাছে বিশেষ দিকনির্দেশনা চাওয়ার জন্য ইস্তিখারার নামাজ পড়া। ইস্তিখারা মানে আল্লাহর কাছে কল্যাণ ও সঠিক পথ প্রার্থনা করা। সঠিক নিয়ম হলো, ভালোভাবে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়া, সালাম ফেরানোর পর দরুদে ইব্রাহিম পাঠ করা, আল্লাহর জিকির ও প্রশংসা করা এবং হাদিসে বর্ণিত ইস্তিখারার বিশেষ দোয়া পড়া। দোয়ার মধ্যে ‘হাজাল আমর’ অংশে যে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার তা মনে মনে সুনির্দিষ্টভাবে চিন্তা করা এবং পুনরায় দরুদ পাঠ করে ইস্তিখারা শেষ করা।
সবশেষে, মনের মধ্যে স্পষ্টতা আসার পর দ্বিধা দূর করে নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা ‘তাওয়াক্কুল’ করতে হবে। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা বেছে নেন, তা দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর। কুরআনে ঘোষণা করা হয়েছে, “অতঃপর যখন তুমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন আল্লাহর ওপর নির্ভর করো। নিশ্চয়ই আল্লাহ তাঁর ওপর নির্ভরকারীদের ভালোবাসেন।” (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯)
এই চারটি ধাপ মেনে চললে আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্ত নিয়ে সব ধরনের ভয় ও সংশয় দূর হয়ে যায় এবং মন প্রশান্তিতে ভরে ওঠে।




