পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। রোববার সন্ধ্যায় মায়ারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের ইমন খান (২২) ও সাকিব সিকদার (২৩)। আহতদের মধ্যে রয়েছেন ট্রলারটির মালিক সুমন খান (৩০), যিনি ইমনের বড় ভাই, এবং সহকর্মী নিপুন হাওলাদার (১৮) ও নিবিড় খান (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পাঁচ জেলে জাল ফেলে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। আশপাশে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমন খান ও সাকিব সিকদারকে মৃত ঘোষণা করেন।

ইমন খানের চাচা সবুজ খান জানান, তারা কাছাকাছি এলাকায় মাছ ধরছিলেন। হঠাৎ তার ভাতিজা সুমনের ট্রলারে বজ্রপাত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত তিনজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে বলে জানান রাঙ্গাবালী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম। তিনি জানান, তারা বর্তমানে সুস্থ আছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হতাহতের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।