বাইরে থেকে দেখে মনে হতো মিকা ও জন-পল মিলারের সংসার অত্যন্ত সুখের। সলিড রক চার্চের ধর্মীয় নেতা জন-পলের স্ত্রী মিকার জীবনকে গির্জার সদস্যরা আদর্শ মনে করতেন। কিন্তু এই নিখুঁত ছবির অন্তরালে লুকিয়ে ছিল চরম অশান্তি, বিচ্ছেদের চেষ্টা এবং নির্যাতনের এক করুণ কাহিনী, যা সম্প্রতি নেটফ্লিক্সের তিন পর্বের ডকুসিরিজ ‘ডেথ অব দ্য পাস্টরস ওয়াইফ’-এ ফুটে উঠেছে। ৩০ বছর বয়সী মিকার মৃত্যু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও, তাঁর মৃত্যুর আগে কী ঘটেছিল এবং তিনি কীভাবে এই পরিণতির দিকে এগিয়ে যান, তা নিয়ে অনুসন্ধান চালিয়েছে এই সিরিজটি। এতে মিকার বন্ধু, পরিবার এবং তদন্তকারীদের সাক্ষাৎকারের পাশাপাশি কিছু অপ্রকাশিত ভিডিওচিত্র ব্যবহার করা হয়েছে।

মিকা ও জন-পলের সম্পর্কের শুরু হয়েছিল মিকার কিশোর বয়সে, যখন তিনি সলিড রক চার্চে যেতেন। সে সময় জন-পল বিবাহিত এবং পাঁচ সন্তানের জনক ছিলেন। মিকার পরিবারের ভাষ্যমতে, ২০১৫ সালে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে; তখন মিকার বয়স ছিল ২০ এবং জন-পলের ৩৫। ২০১৭ সালের ৭ নভেম্বর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন, যদিও মিকার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। মিকার বোন সিয়েরা ফ্রান্সিসের দাবি, জন-পল খুব অল্প বয়স থেকেই মিকার প্রতি আগ্রহী ছিলেন এবং কৌশলে তাঁকে নিজের প্রভাবের অধীনে নিয়ে আসেন। তবে জন-পল এই অভিযোগ অস্বীকার করে তাঁদের দাম্পত্য জীবন ভালোবাসায় পূর্ণ ছিল বলে দাবি করেছেন।

বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। ২০২৩ সালের অক্টোবরে মিকা বিবাহবিচ্ছেদের আবেদন জানালেও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তা খারিজ হয়ে যায়। পরবর্তীতে জন-পল বিচ্ছেদের আবেদন করলে সেটিও মার্চে খারিজ হয়। এই উত্তেজনাকর সময়ে মিকা পুলিশের কাছে অভিযোগ করেন যে, কেউ তাঁকে অনুসরণ করছে এবং তাঁর গাড়ির চাকা কেটে দেওয়া হয়েছে। তিনি পুলিশকে জানিয়েছিলেন, তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এমনকি মৃত্যুর আগে মিকা তাঁর বোন সিয়েরাকে বলেছিলেন, যদি তাঁর মাথায় গুলি লেগে মৃত্যু হয়, তবে যেন সেটিকে আত্মহত্যা বলে ধরে নেওয়া না হয়। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে তিনি স্বামীর বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশের আবেদনও করেছিলেন।

২০২৪ সালের ১৫ এপ্রিল মিকা পুনরায় বিচ্ছেদের আবেদন করেন এবং স্বামীর বাড়ি ছেড়ে আলাদা অ্যাপার্টমেন্টে চলে যান। ২৭ এপ্রিল বেলা ১১টা ৩৮ মিনিটে বাড়ি থেকে বের হয়ে তিনি একটি পন শপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি কেনেন। দুপুর ২টা ৫৪ মিনিটে ৯১১-এ ফোন করে তিনি জানান যে তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন এবং অনুরোধ করেন যেন তাঁর ফোনের অবস্থান শনাক্ত করে মরদেহটি খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে একটি নদীতে মাথায় গুলির আঘাতে মৃত অবস্থায় তাঁর দেহ পাওয়া যায়। মৃত্যুর পর জন-পল দাবি করেন, মিকা বাইপোলার ডিজঅর্ডার ও স্কিজোফ্রেনিয়ার মতো মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তাঁর পরিবার ওষুধ সেবনে বাধা দিত। অন্যদিকে, মিকার পরিবারের দাবি, জন-পলের সাথে সম্পর্কের কারণেই তাঁর মানসিক অবস্থার অবনতি ঘটে এবং তাঁর আইনজীবী রেজিনা ওয়ার্ড অভিযোগ করেন যে, জন-পল মিকাকে জোর করে নিজস্ব লিথিয়াম ওষুধ খাওয়াতেন, যদিও তদন্তে এর কোনো প্রেসক্রিপশন পাওয়া যায়নি।

মিকার মৃত্যুর পর জন-পলের দ্রুত গির্জার কাজে ফিরে যাওয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিকার নির্যাতনের কথা ছড়িয়ে পড়লে তা তুমুল বিতর্কের জন্ম দেয়। টিকটকে #JusticeForMica হ্যাশট্যাগটি ভাইরাল হয় এবং গির্জার সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। তদন্তে জানা যায়, মৃত্যুর সময় জন-পল অন্য শহরে তাঁর সন্তানদের ফুটবল টুর্নামেন্টে ছিলেন, ফলে হত্যার সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তবে পরবর্তীতে এফবিআই তদন্তে জানা যায়, জন-পল তদন্তকারীদের মিথ্যা তথ্য দিয়েছেন। তাঁর বিরুদ্ধে সাইবারস্টকিংয়ের অভিযোগ আনা হয়, যেখানে বলা হয়েছে তিনি মিকার ওপর নজরদারির জন্য লোক নিয়োগ করেছিলেন এবং তাঁর অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি অনলাইনে প্রকাশ করেছিলেন। ২০২৬ সালের ১২ জানুয়ারি আদালতে হাজির হয়ে জন-পল নিজেকে নির্দোষ দাবি করলেও, মামলার পরবর্তী শুনানি ২০২৬ সালের অক্টোবরে নির্ধারিত হয়েছে। দোষী সাব্যস্ত হলে তিনি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন।

এই মর্মান্তিক ঘটনার পর মিকার পরিবার এখন আইনি পরিবর্তনের লড়াইয়ে নেমেছে। তাঁদের আইনজীবী রেজিনা ওয়ার্ড ‘মিকার আইন’ (Mica's Law) প্রণয়নের উদ্যোগ নিয়েছেন, যাতে পারিবারিক সহিংসতার সংজ্ঞায় ‘কোয়ারসিভ কন্ট্রোল’ বা জবরদস্তিমূলক নিয়ন্ত্রণকে অন্তর্ভুক্ত করা হয়। ডকুসিরিজের পরিচালক জুলিয়া উইলবি ন্যাসন এবং শোরানার মাইক গ্যাসপারো মনে করেন, পারিবারিক নির্যাতন সবসময় শারীরিক আঘাত দিয়ে শুরু হয় না; প্রযুক্তির মাধ্যমে নজরদারি ও নিয়ন্ত্রণও নির্যাতনের অংশ। মিকার গল্প যেন অন্যদের এই বিপজ্জনক পরিস্থিতি চিনতে সাহায্য করে, এটাই এখন তাঁর পরিবারের প্রধান লক্ষ্য।