প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপালের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দুটি সংগঠন। কমিউনিটি ইনেশিনিটিভ সোসাইটি–সিআইএস (CIS) ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট টিম–ডিসিএইচটি (DCHT) যৌথভাবে নেপালের বন্যাপ্রবণ এলাকায় জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। সংগঠন দুটির একটি প্রতিনিধি দল সম্প্রতি ত্রিশূলী বাজারের ১ নম্বর মিলিটারি ট্রেনিং সেন্টার ফিল্ড হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষাসামগ্রী পৌঁছে দিয়েছে।

দলের সদস্য মো. গোলাম মোস্তফা জানান, বন্যার মতো চরম দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েন শিশু, বয়স্ক, নারী এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা। দুর্যোগের কারণে নিয়মিত ওষুধ সরবরাহ ব্যাহত হলে তাদের শারীরিক জটিলতা বহুগুণে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বন্যাকবলিত মানুষের চিকিৎসা নির্বিঘ্ন রাখতেই জরুরি ওষুধ সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

হস্তান্তরকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হাইপারলিপিডেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে সাধারণত দেখা দেওয়া সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিকসহ নানা স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত ওষুধও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বন্যার পানির কারণে সংক্রমণ ও স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়ে যায় — এই বিষয়টি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যসুরক্ষাসামগ্রীও সরবরাহ করা হয়েছে। স্যানিটারি প্যাড, মাস্ক, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা এবং রোগের সংক্রমণ প্রতিরোধে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দুর্যোগকালে দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ফিল্ড হাসপাতালগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এসব হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মুখসারিতে থেকে বন্যাকবলিত মানুষের সেবা করে যাচ্ছেন। তাদের এই প্রচেষ্টাকে আরও বেগবান করতেই সিআইএস ও ডিসিএইচটি-র এই মানবিক সহায়তা।

পাঠকদের নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠানোর আহ্বান জানিয়ে প্রকাশিত হয়েছে — ই-মেইল: ns@prothomalo.com