ভারতের মহারাষ্ট্রে ট্যাক্সি এবং অটোরিকশা চালকদের জন্য স্থানীয় মারাঠি ভাষা শেখার সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। মূলত চালকদের মধ্যে তীব্র বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এর আগে ২০ আগস্ট থেকে পরিবহন বিভাগ চালকদের প্রাথমিক কথা বলার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা শুরু করেছিল। ওই পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছিলেন, তাদের এক মাসের মধ্যে ভাষাটি রপ্ত করার নির্দেশ দেওয়া হয়। এই শর্ত পূরণ না করলে তাদের ড্রাইভিং লাইসেন্স স্থগিত বা বাতিল করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

রাজ্য সরকারের দাবি, যাত্রী ও চালকের মধ্যে সঠিক যোগাযোগ স্থাপন এবং যাতায়াত নিরাপদ করার লক্ষ্যেই এই পদক্ষেপ। তবে চালকদের বিভিন্ন সংগঠন এর তীব্র বিরোধিতা করে। তাদের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়ে লাইসেন্স বাতিল করা হলে অনেক চালকের জীবিকা হুমকির মুখে পড়বে, বিশেষ করে অন্য রাজ্য থেকে আসা অভিবাসীদের জন্য এটি বড় সংকট তৈরি করবে। এই উত্তেজনার পর গত সপ্তাহে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ চালকদের জন্য অতিরিক্ত এক বছরের সুযোগ দেওয়ার ঘোষণা করেন। তবে পরিবহনমন্ত্রী প্রতাপ সারনায়েক স্পষ্ট করে দিয়েছেন যে, এই এক বছরই শেষ সুযোগ এবং এরপর আর কোনো সময় বাড়ানো হবে না।

পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে প্রায় ৯ লাখ ৭৯ হাজার বৈধ ট্যাক্সি ও অটোরিকশা রয়েছে, যার প্রায় অর্ধেকই রয়েছে মুম্বাই মহানগরীতে। এই নতুন নিয়মের ফলে রাজ্যে ভাষা, অভিবাসন এবং কর্মসংস্থান নিয়ে দীর্ঘদিনের পুরনো বিতর্ক পুনরায় সামনে এসেছে। ১৯৬০ সালে মারাঠিভাষীদের জন্য মহারাষ্ট্র গঠিত হলেও মুম্বাইয়ের অর্থনৈতিক সমৃদ্ধির কারণে বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বসতি গড়েছে, যা প্রায়ই রাজনৈতিক সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক ও বিশ্লেষক প্রকাশ আকোলকার মনে করেন, স্থানীয় ভাষায় দক্ষতা অর্জন যুক্তিসঙ্গত হলেও অনেক সময় রাজনৈতিক দলগুলো এটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে।

সরপক্ষ জানিয়েছে, চালকদের জন্য মারাঠি পড়া, লেখা বা সম্পূর্ণ সাবলীল হওয়া বাধ্যতামূলক নয়; বরং দৈনন্দিন কাজ চালানোর মতো ন্যূনতম জ্ঞান থাকলেই চলবে। এজন্য প্রয়োজনীয় শব্দ ও বাক্য শেখাতে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। তবে মুম্বাইয়ের চালক অজয় সিংয়ের মতো অনেকের মতে, সারাদিন গাড়ি চালানোর পর ক্লাসে যাওয়ার সময় বের করা এবং আয় বন্ধ রাখা আর্থিকভাবে কষ্টসাধ্য। অন্যদিকে, লক্ষ্মণ পান্ডের মতো চালকরা ভাষা শেখার কথা মেনে নিলেও যথেষ্ট সময়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।