যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি নবজাতক বিড়ালছানা গাড়ির ইঞ্জিনের ভেতরে লুকিয়ে প্রায় ১২২ কিলোমিটার (৭৬ মাইল) দূরত্ব অতিক্রম করেছে। দীর্ঘ এই যাত্রার পর গাড়ি থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ছানাটিকে। কারভিল শহরে ঘটেছে এই ঘটনা। পিটারসন হেলথ নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মচারী কর্মস্থলে পৌঁছে গাড়ির ইঞ্জিন থেকে অস্বাভাবিক শব্দ পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি দেখতে পান, ইঞ্জিনের যন্ত্রাংশের মধ্যে আশ্রয় নিয়েছে একটি সদ্যোজাত বিড়ালছানা। ধারণা করা হচ্ছে, রকস্প্রিংস থেকে কারভিলের দিকে রওনা হওয়ার সময় ইঞ্জিনের ভেতরে উঠে পড়েছিল ছানাটি। দুই শহরের মাঝে দূরত্ব প্রায় ১২২ কিলোমিটার। পুরো পথই ইঞ্জিনের অভ্যন্তরে লুকিয়ে ছিল প্রাণীটি। প্রচণ্ড উত্তাপ ও ঝাঁকুনি সত্ত্বেও অলৌকিকভাবে বেঁচে যায় ছানাটি। প্রাণী উদ্ধারকর্মীরা জানান, শীতল আবহাওয়া বা রাতের বেলায় উষ্ণতার সন্ধানে অনেক সময় বিড়াল কিংবা ছোট প্রাণীরা গাড়ির ইঞ্জিনের আশপাশে আশ্রয় নেয়, যা তাদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তবে এই ঘটনা তাদের কাছে বিস্ময়কর নয় বলেও মন্তব্য করেন তারা। ঘটনার খবর পেয়ে কারভিল শহরের প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় উদ্ধার সংস্থা কারভিল পেটস অ্যালাইভের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। হাসপাতালের কর্মীদের সহযোগিতায় গাড়ির সামনের গ্রিল এবং অন্যান্য অংশ খুলে সতর্কতার সঙ্গে ছানাটিকে বের করা হয়। কোনো ধরনের আঘাত ছাড়াই উদ্ধার হয়েছে প্রাণীটি। এরপর চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হয়। কারভিল পেটস অ্যালাইভ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে জানিয়েছে, দীর্ঘ ও অপ্রত্যাশিত এই যাত্রার পর বিড়ালছানাটি এখন সম্পূর্ণ নিরাপদ। তাকে উষ্ণ ও আরামদায়ক পরিবেশে রাখা হয়েছে এবং পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে। সংগঠনটি আরও উল্লেখ করেছে, ইঞ্জিনের মধ্যে লুকিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও শেষ পর্যন্ত প্রাণীটি নিরাপদে উদ্ধার হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করছে।
গাড়ির ইঞ্জিনে লুকিয়ে নবজাতক বিড়ালছানার ১২২ কিলোমিটার পাড়ি, অবশেষে উদ্ধার
যুক্তরাষ্ট্রের টেক্সাসে গাড়ির ইঞ্জিনের ভেতরে লুকিয়ে প্রায় ১২২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এক নবজাতক বিড়ালছানা। রকস্প্রিংস থেকে কারভিল যাওয়ার পথে ইঞ্জিনের ভেতরে আশ্রয় নেয় সেটি। পরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মী ও উদ্ধারকারী দলের চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ছানাটি।




