দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ নটর ডেম কলেজ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ার সময়সূচি ও বিস্তারিত শর্তাবলি প্রকাশ করেছে। আগামী ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে; চলবে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত। এই বছর আবেদন ফি আগের চেয়ে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে, যা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। উল্লেখ্য, বিগত শিক্ষাবর্ষে এই ফি ছিল ৪০০ টাকা। কলেজের নিজস্ব ওয়েবসাইট ndc.edu.bd-এর মাধ্যমে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় আবেদন গ্রহণ করা হবে। আবেদন সম্পন্ন হলে প্রবেশপত্রের প্রিন্টআউট সংগ্রহ করতে হবে এবং ভর্তি পরীক্ষার ফি বাবদ ওই ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফলাফল পরিবর্তিত হয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষার ফল প্রকাশের এক দিনের মধ্যে কলেজ অফিসে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে। আবেদনের ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোর শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় নেওয়া হবে। জানতে চাইলে হেল্প লাইন নম্বর ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১ এবং ০১৯৩৩৩২২৫৩২-এ সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে যোগাযোগ করা যাবে।
ভর্তির ন্যূনতম যোগ্যতার মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য উচ্চতর গণিত বাধ্যতামূলক রাখা হয়েছে। বাংলা মাধ্যমের এসএসসি শিক্ষার্থীরা বিজ্ঞানের ইংরেজি ভার্সনে আবেদনের সুযোগ পাবেন না। 'ও' লেভেল সম্পন্নকারী শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। বিভাগভিত্তিক ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান (বাংলা ও ইংরেজি) বিভাগে ৫, ব্যবসায় শিক্ষায় ৪ এবং মানবিকে ৩। মোট ৩ হাজার ২৯০টি আসনের মধ্যে বিজ্ঞান (বাংলা মাধ্যম) বিভাগে ১৮১০টি, বিজ্ঞান (ইংরেজি মাধ্যম) বিভাগে ৩২০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০টি এবং মানবিক বিভাগে ৪১০টি আসন বরাদ্দ রয়েছে।
লিখিত পরীক্ষার পরে এসএসসি জিপিএ ও সেই ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচন করা হবে। বিজ্ঞান বিভাগ-বাংলা মাধ্যম থেকে ১৯০০, বিজ্ঞান বিভাগ-ইংরেজি মাধ্যম থেকে ৪০০, মানবিক বিভাগ থেকে ৬০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮৫০ জনকে প্রাথমিকভাবে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হবে। এসএসসির জিপিএ, লিখিত ও মৌখিক পরীক্ষার ফল — এই তিনটি ধাপের সমন্বয়ে মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। চূড়ান্ত তালিকার শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হওয়ার পর যদি কোনো আসন খালি থাকে, তবে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুসারে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। পরীক্ষার বিষয় ও সিলেবাস এসএসসি ২০২৬ অনুযায়ী নির্ধারিত। বিজ্ঞান শাখার পরীক্ষায় বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে। মানবিক শাখায় বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে। বিজ্ঞান শাখা থেকে মানবিক বা ব্যবসায় শাখায় আবেদন করলে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং ব্যবসায় শাখা থেকে মানবিকে আবেদন করলে ব্যবসায় শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
ভর্তি প্রক্রিয়ার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো প্রার্থী ভুল বা অসত্য তথ্য দিয়ে ভর্তি হলে তার ভর্তি বাতিল হবে এবং জমাকৃত অর্থ ফেরতযোগ্য হবে না। শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, যারা কলেজের ইউনিফরম পরিধান, আইডি কার্ড ব্যবহার এবং নিয়মিত ক্লাসে অনাগ্রহী, সেই সঙ্গে যারা ধূমপায়ী — তাদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা কলেজের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ 'এনডিসি লার্নিং'-এ প্রকাশ করা হবে।




