আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রক্রিয়া চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, আর ফি জমার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের মোট ৬০০ টাকা ফি দিতে হবে, যার মধ্যে পরীক্ষার ফি ৪০০ টাকা ও কেন্দ্র ফি ২০০ টাকা। সোমবার (২৪ আগস্ট) বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ফরম পূরণের জন্য ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা। এই তালিকা থেকে শিক্ষার্থীদের ১ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/eFF-তে ক্লিক করতে হবে এবং EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্ভাব্য তালিকা দেখতে হবে। পরবর্তীতে তা প্রিন্ট করে লাল কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।
অন্য প্রতিষ্ঠান বা অন্য বোর্ড থেকে আসা শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করলে তা নিজ প্রতিষ্ঠানে দেখা যাবে। অস্থায়ী তালিকা প্রিন্ট করে যাচাই-বাছাই করার পর প্রয়োজনে নির্বাচন বা বাতিল করা যাবে। চূড়ান্ত যাচাইয়ের পর পে স্লিপ প্রিন্ট করে নিকটস্থ সোনালী ব্যাংকে জমা দিতে হবে। পে স্লিপ প্রিন্ট করার পর আর কোনো পরিবর্তন করা যাবে না। ব্যাংকে ফি জমার ২৪ ঘণ্টার মধ্যে ফাইনাল সাবমিট বাটন সক্রিয় হবে। ফাইনাল সাবমিট সম্পন্ন না হলে প্রবেশপত্র দেওয়া হবে না। প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরসহ পরীক্ষার্থীর স্বাক্ষরিত কপি প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীদের তালিকা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। অন্যথায় সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে পরীক্ষার সুযোগ পাবে না। শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করলে নীতিমালা অনুযায়ী ফরম পূরণ করতে হবে। পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের এই পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে ১০০ নম্বর করে এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৫০ নম্বর করে থাকবে।




