প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা নদীগুলোকে প্রথম দেখায় বিশৃঙ্খল মনে হতে পারে। বাঁক নেওয়া পথ, শাখায় বিভক্ত হওয়া ধারা, আবার অন্য নদীর সঙ্গে মিলে যাওয়া—সব মিলিয়ে এক জটিল জাল। কিন্তু এই আপাতদৃষ্টিতে অগোছালো নকশার অন্তরালে লুকিয়ে আছে এক নিখুঁত গাণিতিক ছন্দ। নদীর এই জালের সঙ্গে গাছের ডালপালা, পাতার শিরা, মানবদেহের রক্তনালি কিংবা শহরের সড়ক ও রেলপথের নেটওয়ার্কের অদ্ভুত মিল রয়েছে।

এই মিল কোনো কাকতালীয় ঘটনা নয়। ছোট ছোট খাল ও নদী একে অপরের সঙ্গে মিশে বড় হয়, তারপর আরও বৃহৎ নদীতে গিয়ে মিলিত হয়। শেষ পর্যন্ত সব পানি নিচের দিকে—সমুদ্র বা হ্রদের দিকে—প্রবাহিত হয়। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মেঘনা পার হতে হয়; আবার বরিশালের পথে বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও মেঘনা পেরোতে হয়। মানচিত্রে তাকালে এসব নদীর ধারাগুলো সহজেই চোখে পড়ে। পৃথিবীর প্রায় সব নদীই এভাবে নেটওয়ার্ক তৈরি করে।

এই নেটওয়ার্ককে বিজ্ঞানীরা বলেন পরিবহন নেটওয়ার্ক। এর কাজ হলো তরল পদার্থ—যেমন পানি—বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। নদী বৃষ্টির পানি বিভিন্ন অঞ্চল থেকে টেনে এনে শেষ পর্যন্ত সাগরে মেশায়। কিন্তু নদী কোনো জীবের বিবর্তনের ফল নয়, আবার কোনো নগর পরিকল্পনাকারীর হাতের নকশাও নয়। বৃষ্টি, মহাকর্ষ, পানি-মাটি-পাথরের ক্ষয়—সব মিলিয়ে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে নদীর পথ তৈরি হয়। তবুও নদীগুলো কিছু সহজ ও প্রায় সর্বজনীন নিয়ম মেনে চলে।

এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার করেছিলেন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিজ্ঞানী জন হ্যাক। ১৯৫৭ সালে তিনি ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের নদী ও খালের দৈর্ঘ্য এবং তাদের পানিনিষ্কাশন এলাকার আয়তন পরিমাপ করেন। তিনি দেখেন, নদীর দৈর্ঘ্য (L) তার পানিনিষ্কাশন এলাকার (A) সঙ্গে একটি নির্দিষ্ট সম্পর্কে আবদ্ধ: L প্রায় A-এর ০.৬ ঘাতের সমানুপাতিক। গাণিতিকভাবে L ~ A⁰·⁶। ছোট ঝরনা থেকে বিশাল নদী—সবক্ষেত্রেই এই সম্পর্ক আশ্চর্যজনকভাবে মিলে যায়, যদিও প্রকৃতির নিখুঁততা সব সময় একেবারে হুবহু হয় না।

কিন্তু প্রশ্ন ওঠে, ঘাতটি কেন ০.৫ নয়? একটি বর্গাকার ক্ষেত্রের কথা ভাবলে সহজ মনে হতে পারে যে ক্ষেত্রের আয়তন বাড়লে তার এক পাশের দৈর্ঘ্য বাড়বে বর্গমূল হারে—অর্থাৎ ঘাত ০.৫। কিন্তু নদী সেই পথ অনুসরণ করে না। হ্যাকের সূত্র বলছে, ঘাত প্রায় ০.৬। এর অর্থ হলো, পানিনিষ্কাশন এলাকা যত বড় হয়, নদীর দৈর্ঘ্যও তত দ্রুত বাড়ে—প্রত্যাশার চেয়ে বেশি হারে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ভূ-পদার্থবিদ ড্যানিয়েল রথম্যান ব্যাখ্যা করেন, ছোট নদীর অববাহিকা তুলনামূলকভাবে খাটো ও চওড়া; পক্ষান্তরে বড় নদীর অববাহিকা হয় বেশি লম্বা ও সরু। মানচিত্রে তাকালেই এই পার্থক্য স্পষ্ট হয়। যদি নেটওয়ার্ক সম্পূর্ণ একই নকশা মেনে চলত, তবে ছোট ও বড় নদীর অববাহিকার আকৃতি একই রকম থাকত; কিন্তু বাস্তবে তা ঘটে না।

এই আকৃতির পেছনে কাজ করে শক্তির কার্যকারিতা। নদী এমন একটি নেটওয়ার্ক গঠন করে, যা পানি সরানোর ক্ষেত্রে তুলনামূলক কম শক্তি খরচ করে। অনেক ছোট খাল প্রথমে একত্রে মিশে বড় খালে পড়ে; বড় খালগুলো আবার প্রধান নদীতে মিলিত হয়। এতে অনেক ছোট নদী একটি বড় নদীর পথ ব্যবহার করতে পারে। বড় নদী যত লম্বা হয়, তত বেশি ছোট নদী এর সঙ্গে যুক্ত হতে পারে। ফলে পুরো ব্যবস্থায় পানি পরিবহনের খরচ কমে যায়। নব্বইয়ের দশকের শুরুতে কম্পিউটার মডেল ব্যবহার করে বিজ্ঞানীরা দেখিয়েছেন, যেসব নেটওয়ার্ক হ্যাকের সূত্রের কাছাকাছি—অর্থাৎ যেখানে ঘাত প্রায় ০.৬—সেগুলোই পানি সরানোর ক্ষেত্রে সবচেয়ে কম শক্তির অপচয় ঘটায়।

তবে নদী কোনো প্রকৌশলী নয় যে বসে বসে হিসাব করে সর্বোত্তম নকশা বানাবে। তাহলে এই পথ কীভাবে তৈরি হয়? এর উত্তর খুঁজতে বিজ্ঞানীরা ভূদৃশ্য পরিবর্তনের কম্পিউটার মডেল তৈরি করেছেন। মডেলগুলো দেখায়, পানি প্রথমে মহাকর্ষের টানে নিচের দিকে বয়ে যায়। চলার পথে মাটি ও পাথর ক্ষয় হতে থাকে। ভূমির কোথাও সামান্য উঁচু-নিচু থাকলে কিছু জায়গায় অন্য জায়গার চেয়ে বেশি পানি জমে। যে খাতে বেশি পানি প্রবাহিত হয়, সেটি দ্রুত ক্ষয় হতে শুরু করে। ফলে খাতটি আরও গভীর হয় এবং আরও বেশি পানি নিজের দিকে টেনে নেয়। পাশের ছোট খাতগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায় বা সম্পূর্ণ হারিয়ে যায়। হাজার হাজার বছরের ছোট ছোট পরিবর্তনের ফলেই নদী এমন পথ তৈরি করে, যার মাধ্যমে পানি তুলনামূলক সহজে নিচের দিকে যেতে পারে। এখানে দুটি শক্তি বিশেষ গুরুত্বপূর্ণ—মহাকর্ষ, যা পানিকে নিচে নামায়; এবং ঘর্ষণ, যা মাটি ও পাথর ক্ষয় করে।

নদীর গণিতের গল্প এখানেই শেষ নয়। ২০২৬ সালের এপ্রিলে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (রিও গ্র্যান্ডে ভ্যালি) গবেষক তিয়ান ডং ও তাঁর সহকর্মীরা নতুন এক তথ্য উন্মোচন করেন। তাঁরা দেখান, হ্যাকের সূত্র শুধু নদীর উজানের শাখা-প্রশাখার ক্ষেত্রেই নয়, বরং নদীর ডেল্টা বা ব-দ্বীপের ক্ষেত্রেও প্রযোজ্য। ডেল্টায় নদীর গতি হঠাৎ কমে গেলে বয়ে আসা মাটি ও পলি জমতে শুরু করে। বছরের পর বছর ধরে পলি জমে নতুন ভূমি তৈরি হয়। এ সময় নদীর পানি অনেকগুলো ছোট চ্যানেল বা শাখায় ভাগ হয়ে যায়—যাদের বলা হয় ডিস্ট্রিবিউটারি চ্যানেল। বিজ্ঞানীরা দেখেছেন, ডেলটার একটি চ্যানেলের দৈর্ঘ্য এবং যে এলাকা থেকে সেটি পলি পায়, তাদের মধ্যেও প্রায় ০.৬ ঘাতের সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের সুন্দরবনের ভেতরের নদীর শাখাগুলো এই নকশার অনন্য উদাহরণ। উজানে ছোট নদী বড় নদীতে মিশে যায়, কিন্তু ডেল্টায় একটি বড় নদী অনেক ছোট চ্যানেলে বিভক্ত হয়—তবু উভয়ক্ষেত্রেই একই গাণিতিক নিয়ম কার্যকর।

মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের নদীবিজ্ঞানী ক্রিস পাওলা এই বিষয়টির দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর মতে, নদী, পাতার শিরা বা এ ধরনের নেটওয়ার্কের নকশা আমরা মোটামুটি বুঝতে পারি, কিন্তু এর মধ্যে এমন এক বিশৃঙ্খলা আছে যা পুরোপুরি বোঝা যায় না। এই অজানা বিশৃঙ্খলাই নদীকে এত আকর্ষণীয় করে তোলে। নদীর পথ বাঁক নেয়, শাখায় ভাগ হয়, আবার অন্য নদীর সঙ্গে মিশে যায়। কোথাও স্রোত দ্রুত, কোথাও ধীর। কোথাও পথ বদলায়, কোথাও নতুন চ্যানেল জন্ম নেয়। তবু এই বিশৃঙ্খলার মধ্যেও একটি নির্দিষ্ট নিয়ম লুকিয়ে আছে—যেমন হ্যাকের সূত্র। কোনো নদীর পানিনিষ্কাশন এলাকা যত বড় হবে, তার দৈর্ঘ্যও তত বাড়বে; ছোট নদীর তুলনায় বড় নদীর অববাহিকা সাধারণত বেশি লম্বা ও সরু হবে। পৃথিবীর নানা প্রান্তের নদীর ক্ষেত্রেই এই একই সম্পর্ক বারবার দেখা যায়।

প্রকৃতি যেন কোনো অদৃশ্য গণিত মেনে নদীর পথ তৈরি করে। সেই গণিত পুরোপুরি নিখুঁত নয়, কারণ প্রকৃতিতে সব সময় কিছু অনিশ্চয়তা ও এলোমেলো পরিবর্তন থাকে। তবুও নদীর নেটওয়ার্কে আমরা এমন কিছু নিয়ম দেখি যা বারবার পুনরাবৃত্তি হয়। ক্রিস পাওলার ভাষায়, প্রকৃতিতে আমরা বিশৃঙ্খলা আশা করি, কিন্তু নদীর মধ্যে সেই বিশৃঙ্খলার পাশাপাশি সুন্দর একটি শৃঙ্খলাও দেখা যায়। এটাই নদীর গাণিতিক সৌন্দর্য—বিশৃঙ্খলার আড়ালে লুকিয়ে থাকা নিখুঁত ছন্দ। এই প্রতিবেদনটি কোয়ান্টা ম্যাগাজিনের ১১ সংখ্যার ‘ম্যাজিক’ বিভাগ থেকে সংকলিত; লেখক কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক।