মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও ভারতীয় চোরাকারবারিদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কুমারশাইল সীমান্ত এলাকায় এই সংঘর্ষ হয়। ঘটনার পর আহত অবস্থায় বলাই নমশূদ্র (৩২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। তার কাছে থেকে একটি পিস্তল, দুটি গুলি এবং ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক বলাই ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের জিতেন্দ্র নমশূদ্রের ছেলে। বিজিবির প্রাথমিক ধারণা, সে সীমান্ত চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত। পলাতক অন্য চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।
বিজিবির ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে কুমারশাইল সীমান্ত দিয়ে ভারতীয় একটি চোরাকারবারি দল বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে। এই খবরে গত রাত ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি টহল দল কুমারশাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। তখন আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোড়ে বিজিবি। গোলাগুলির একপর্যায়ে অন্য চোরাকারবারিরা পালিয়ে গেলেও অস্ত্র ও মাদকসহ বলাইকে আটক করা সম্ভব হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, রাতের অন্ধকারে তিন-চারজনের একটি গ্রুপ কুমারশাইল এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি ছোড়ে। জবাবে বিজিবিও গুলি করে। পরে তাদের ধাওয়া করে একজনকে আটক করা হয়। রাতেই আইনি প্রক্রিয়া শেষে তাকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ভারতীয় নাগরিক আটকের ঘটনায় গত রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




