চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে শুক্রবার বেলা একটার দিকে এক মর্মান্তিক ঘটনায় পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে। পদ্মার একটি শাখা নদীতে স্নান করতে নামতেই তারা ডুবে যায়। নিহত শিশুরা হলো—চরচাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ঢেউ নামে। স্বজনদের বিলাপে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল হালিম হামাদ জানান, গ্রামে জুমার নামাজ চলাকালে শিশুরা কাউকে না জানিয়ে নদীতে নামে। কেউ বুঝে ওঠার আগেই তারা পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে নদী থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়ভাবে এই নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। বর্ষা কিংবা বৃষ্টির সময় পদ্মার পানি এসে এতে জমে। বছরের অন্য সময় নদীটি প্রায় শুকিয়ে যায়, তখন তলদেশ ও পাড়ের জমিতে চাষাবাদ হয়। সম্প্রতি টানা বৃষ্টি ও পদ্মার পানি বৃদ্ধির কারণে নদীটিতে হঠাৎ পানি এসে যায়—এই পানিই কাল হয়ে দাঁড়ায় শিশুদের জন্য।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাঁচ মেয়েশিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীতে নামার পর স্রোতের টানে বা গভীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে একই গ্রামের পাঁচ শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।