মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে মাদক পাচার সংশ্লিষ্ট একটি নৌযানে গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করেছে। গত শনিবার এই ঘটনা ঘটে বলে সাউদার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। নৌযানটি সরাসরি মাদক পাচারে জড়িত ছিল— এমন নিশ্চিত গোয়েন্দা তথ্য তাদের হাতে ছিল বলেও দাবি করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন যাদের 'মাদক-সন্ত্রাসী' হিসেবে চিহ্নিত করেছে, তাদের বিরুদ্ধে গত বছর থেকে যে ধারাবাহিক সামরিক অভিযান চলছে, তারই সাম্প্রতিকতম ঘটনা এটি। সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, এই অভিযানের লক্ষ্য মূলত মাদক চোরাচালানকারী সংগঠনগুলো।

উল্লেখ্য, শনিবারের এ ঘটনার ঠিক ১০ দিন আগেও ক্যারিবীয় অঞ্চলে আরেকটি হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ওই হামলায় তিনজন নিহত হয়েছিল। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগর মিলিয়ে বিভিন্ন নৌযানে হামলা চালিয়ে ২২০ জনের বেশি মানুষকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, এসব হামলাকে 'বিচারবহির্ভূত হত্যাকাণ্ড' হিসেবে আখ্যা দিয়েছে একাধিক মানবাধিকার সংস্থা। তাদের মতে, আইনি প্রক্রিয়া বা কোনো বিচার ছাড়াই নিরীহ মানুষের প্রাণহানি ঘটানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করছে, মাদক পাচার ঠেকাতে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।