ভাজা খাবারের প্রতি মানুষের আকর্ষণ যেন চিরকালের। আলুর চপ, বেগুনি, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ক্রিস্পি চিকেন—তেলে ভাজার পর খাবারের চেহারা, গন্ধ আর স্বাদে যে রূপান্তর ঘটে, তা মাতিয়ে রাখে সবাইকে। প্রশ্ন উঠতে পারে, রান্নার কাজে পানি ব্যবহার করা হয়, কিন্তু ভাজার জন্য কেন তেলই বেছে নেওয়া হয়? এর উত্তর আসলে তাপমাত্রার গাণিতিক হিসাবের মধ্যে লুকিয়ে আছে। সাধারণ চাপে পানি ১০০ ডিগ্রি সেলসিয়াসে ফুটতে শুরু করে, ফলে পানিকে এর বেশি গরম করা সম্ভব হয় না। অথচ খাবার ভাজার জন্য প্রয়োজন হয় ১৭৫ থেকে ১৯০ ডিগ্রি সেলসিয়াসের মতো উচ্চ তাপমাত্রা, যা তেল সহজেই ধারণ করতে পারে। এ কারণেই ভাজার কাজে পানির বদলে তেল ব্যবহার অপরিহার্য হয়ে পড়ে।

তেলে খাবার ছাড়ার মুহূর্তেই শুরু হয় এক জটিল রাসায়নিক প্রক্রিয়া। খাবারের বাইরের অংশে থাকা ময়দা বা কর্নস্টার্চের প্রলেপ দ্রুত শুকিয়ে মচমচে হয়ে ওঠে। তাপমাত্রা ১৪০ থেকে ১৬৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ঘটে মেইয়ার্ড বিক্রিয়া, যা খাবারের বাইরের স্তরকে সোনালি-বাদামি রঙে রাঙিয়ে তোলে এবং তৈরি করে সেই পরিচিত সুগন্ধ। একই সময়ে খাবারের ভেতরে থাকা পানি বাষ্পে পরিণত হয়, যা ভেতরের অংশ রান্না করতে সাহায্য করে। বাইরের শুকনো আবরণ সেই বাষ্পকে কিছুটা আটকে রাখায় ভেতরটা নরম ও রসালো থাকে, আর বাইরের অংশ থাকে খাস্তা।

ভাজার জন্য সব তেল সমান উপযোগী নয়। চিনাবাদাম, তুলাবীজ, নারকেল, রাইস ব্র্যান, ক্যানোলা, সরিষা ও সয়াবিন তেল—প্রতিটির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সরিষার তেলে খাবারে এক ধরনের ঝাঁঝালো স্বাদ যোগ হয়, অন্যদিকে সয়াবিন তেলের গন্ধ তুলনামূলকভাবে মৃদু, তাই খাবারের আসল স্বাদ অক্ষুণ্ণ রাখতে এটি জনপ্রিয়। সরিষার তেলে প্রায় ৬০-৭০ শতাংশ মনো-আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যার প্রধান উপাদান ইরুসিক অ্যাসিড ও ওলিক অ্যাসিড। এছাড়া প্রায় ২০-২১ শতাংশ পলি-আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যার মধ্যে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের আলফা-লিনোলেনিক অ্যাসিড এবং ওমেগা-৬-এর লিনোলিক অ্যাসিড। সয়াবিন তেলেও পলি-আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি, আর সম্পৃক্ত চর্বি তুলনামূলকভাবে কম।

স্বাস্থ্যগত বিবেচনায় নারকেল তেল নিয়ে মতভেদ আছে। এতে প্রায় ৮০ শতাংশ স্যাচুরেটেড বা সম্পৃক্ত চর্বি থাকে, যা তাপ সহনশীল হলেও রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তাই নারকেল তেলের বদলে কম সম্পৃক্ত চর্বিযুক্ত তরল উদ্ভিজ্জ তেল ব্যবহারের পরামর্শ দেয়। অলিভ, চিনাবাদাম ও অ্যাভোকাডো তেলে মনো-আনস্যাচুরেটেড ফ্যাটের প্রাধান্য থাকে, যা তুলনামূলকভাবে তাপ সহনশীল এবং হৃদযন্ত্রের জন্য ভালো বিকল্প। প্রাণিজ চর্বি—ঘি, ট্যালো, লার্ড—খাবারে আলাদা স্বাদ যোগ করলেও এগুলোর উচ্চ চর্বির কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সব তেল উচ্চ তাপমাত্রায় স্থিতিশীল থাকে না। সানফ্লাওয়ার, স্যাফফ্লাওয়ার, গ্রেপসিড ও কর্ন অয়েলে পলি-আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি, যা দ্রুত জারিত ও ভেঙে যেতে পারে। তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এই তেলগুলোকে হৃদযন্ত্রের জন্য উপযোগী বলেই চিহ্নিত করেছে, কারণ এসব তেল ব্যবহারে এলডিএল কোলেস্টেরল কমতে পারে। ভাজার সময় তেলের ধোঁয়া ওঠার তাপমাত্রা ছাড়িয়ে গেলে বা একই তেল বারবার ব্যবহার করলে সমস্যা আরও বাড়ে। বিশেষজ্ঞরা তাই তেল অতিরিক্ত গরম না করার এবং বারবার ব্যবহার এড়ানোর পরামর্শ দেন।

ভাজা খাবারের লোভনীয় স্বাদ অস্বীকার করার উপায় নেই, তবে নিয়মিত অতিরিক্ত ভাজা খাবার খেলে শরীরে চর্বি ও ক্যালরির পরিমাণ বেড়ে যায়, যা বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি করে। মাঝেমধ্যে স্বাদ নেওয়া ভালো, কিন্তু স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরিমিত হওয়াই বুদ্ধিমানের কাজ।