চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পথে সহায়তা করতে এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংগঠন ইউর ব্যাটম্যান। গত ১৭ সেপ্টেম্বর প্রথম আলো ট্রাস্ট পরিচালিত মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার ২০ জন অসচ্ছল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। মেঘনা নদীর চর এলাকায় দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা জেলে পরিবারের শিশুরা যাতে লেখাপড়া চালিয়ে যেতে পারে এবং শিক্ষা থেকে ঝরে না পড়ে, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের প্রতিনিধিরা।

নতুন ব্যাগ আর খাতা-কলম পেয়ে আনন্দে ভরে ওঠে কোমলমতি শিক্ষার্থীদের মুখ। উপস্থিত স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবক প্রতিনিধিরা ইউর ব্যাটম্যানের এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, এ ধরনের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো জাগিয়ে রাখতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোর এমন সহযোগিতামূলক ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার। সংগঠনের প্রতিনিধিরা মনে করেন, সমাজের অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। এই ক্ষুদ্র উপহার শিশুদের ভবিষ্যৎ স্বপ্ন দেখার সাহস জোগাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

একইসঙ্গে দুর্গম অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় প্রথম আলো ট্রাস্টের এই বিদ্যাপীঠটির অগ্রগতিরও সাধুবাদ জানান তাঁরা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শোয়াইব হোসেন বলেন, এই উপহার শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন প্রেরণা যোগ করেছে। প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের জন্য এভাবে এগিয়ে আসায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।