আধুনিক কর্পোরেট অফিসের পরিচিত শব্দ যেমন 'লেটস সার্কেল ব্যাক' (let's circle back) বা 'টেক দিস অফলাইন' (take this offline)—এই ধরনের শব্দাবলি এখন ইতিহাস হয়ে যেতে পারে। বর্তমান প্রজন্মের তরুণ কর্মী বা 'জেন জি' (Gen Z) কর্মীরা এই জটিল শব্দগুলোর পরিবর্তে সহজ ও সাবলীল ভাষার কথা বলছেন। যুক্তরাষ্ট্রে পূর্ণকালীন কর্মীবাহিনীতে বেবি বুমারদের ছাড়িয়ে জেন জি-দের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অফিসের সংস্কৃতিতে প্রভাব পড়ছে, যার ফলে দাপ্তরিক ভাষায় পরিবর্তন আসছে।
অনলাইন ভাষা-শিক্ষা প্ল্যাটফর্ম 'প্রিপলি' (Preply) সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে, যেখানে রেডিট-এর অভিযোগ, গুগল সার্চ ডেটা এবং জেন জি কর্মীদের অভিজ্ঞতার সমন্বয় করা হয়েছে। গত পাঁচ বছরের প্রায় ৩,০০০ রেডিট পোস্ট বিশ্লেষণে দেখা গেছে, কর্পোরেট পরিভাষার মধ্যে সবচেয়ে বেশি বিরক্তিকর শব্দ হিসেবে উঠে এসেছে 'সার্কেল ব্যাক' (২০৩টি উল্লেখ)। এর পরেই রয়েছে 'সিনার্জি' (১৮১), 'ব্যান্ডউইথ' (৯৭), 'টাচ বেস' (৯৬) এবং 'টেক দিস অফলাইন' (৬২)।
তরুণ কর্মীদের এই অনীহার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। অনেক জেন জি কর্মী তাদের ক্যারিয়ার শুরু করেছেন মহামারীর সময়ে, ফলে তারা সরাসরি সহকর্মীদের কথা শুনে অফিসিয়াল নিয়ম শেখার বদলে স্ল্যাক (Slack) বা টিমস (Teams)-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ শিখেছেন। ফলে তাদের জন্য মিলিনিয়াল বা জেন এক্স বসদের ব্যবহৃত জটিল শব্দ বা সংক্ষেপণ (যেমন: KPI এবং CRM) বোঝা কঠিন হয়ে পড়ে। প্রিপলির মতে, ডিজিটাল যোগাযোগে সংক্ষিপ্ততা এবং স্পষ্টতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যা সব প্রজন্মের জন্য সহায়ক। তাদের ২০২৬ সালের 'গ্লোবাল স্মল টক সার্ভে'-তে ৮২ শতাংশ জেন জি উত্তরদাতা জানিয়েছেন, অস্পষ্ট কথোপকথনের কারণে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। এছাড়া ৩৯ শতাংশ তরুণ কর্মী দাপ্তরিক যোগাযোগ বিষয়ে প্রশিক্ষণের আগ্রহ দেখিয়েছেন, যা অন্য যেকোনো প্রজন্মের তুলনায় বেশি।
গবেষণায় আরও দেখা গেছে, মার্কিন ব্যবহারকারীরা 'প্যারাডাইম' (৩ লাখ ১১ হাজার), 'সিনার্জি' (৩ লাখ ১০ হাজার), 'বেস্ট প্র্যাকটিস' (৩ লাখ ৩ হাজার) এবং 'ব্যান্ডউইথ' (১ লাখ ৮৭ হাজার) শব্দগুলো সবচেয়ে বেশি সার্চ করেছেন। এই শব্দগুলো মূলত রূপক হিসেবে ব্যবহৃত হয়, সরাসরি অর্থ প্রকাশ করে না। অন্যদিকে, 'টেক দিস অফলাইন' এবং 'রান ইট আপ দ্য ফ্ল্যাগপোল'-এর মতো পুরনো শব্দগুলোর সার্চ ভলিউম প্রায় ৫০ শতাংশ কমেছে।
প্রিপলি ১০ জন জেন জি কর্মীর সাথে আলাপ করে এই জটিল শব্দগুলোর বিকল্প খুঁজে বের করেছে। তাদের প্রস্তাবিত কিছু পরিবর্তন হলো:
১. 'সার্কেল ব্যাক'-এর বদলে 'কাম ব্যাক' (Come back)।
২. 'সিনার্জি'-র বদলে 'টিমওয়ার্ক' (Teamwork)।
৩. 'ব্যান্ডউইথ'-এর বদলে 'অ্যাভেইলেবিলিটি' (Availability)।
৪. 'টাচ বেস'-এর বদলে 'চেক ইন' (Check in)।
৫. 'টেক দিস অফলাইন'-এর বদলে 'কাম ব্যাক টু দিস লেটার' (Come back to this later)।
৬. 'লো-হ্যাংগিং ফ্রুট'-এর বদলে 'কুইক উইন' (Quick win)।
৭. 'মুভ দ্য নিডল'-এর বদলে 'মেক অ্যান ইমপ্যাক্ট' (Make an impact)।
৮. 'বয়েল দ্য ওশান'-এর বদলে 'এইম টু হাই' (Aim too high)।
৯. 'পুট এ পিন ইন ইট'-এর বদলে 'পুট অন হোল্ড' (Put on hold)।
১০. 'ব্লু-স্কাই থিংকিং'-এর বদলে 'থিংকিং আউটসাইড দ্য বক্স' (Thinking outside the box)।
বিশেষজ্ঞদের মতে, এটি পেশাদারিত্বের অভাব নয়, বরং সহজবোধ্য যোগাযোগের একটি প্রচেষ্টা। অনেক ক্ষেত্রে অস্পষ্ট নিয়ম ও ভাষার কারণে বিভিন্ন প্রজন্মের কর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা সহজ ভাষা ব্যবহারের মাধ্যমে দূর করা সম্ভব।




