মানুষের জীবনে কাজের অর্থ কতখানি গভীরভাবে জড়িয়ে থাকে, তা নিয়ে নতুন এক বিশ্লেষণ আলোচনার জন্ম দিয়েছে। অনেকের ধারণা, প্রতিটি মানুষের জন্ম থেকেই একটি নির্দিষ্ট পথ বা উদ্দেশ্য বরাদ্দ থাকে। কিন্তু বাস্তবতা ভিন্ন—নিজের আগ্রহ, প্রতিভা ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে মানুষ নিজেই তার কর্মজীবনের দিকনির্দেশনা তৈরি করে নেয়। স্টিভ জবসের প্রযুক্তি ও নকশার মেলবন্ধন, ডলি পার্টনের শৈশবের গল্প গানে রূপান্তর, কিংবা অ্যান্থনি বোর্দেইনের সংস্কৃতির প্রতি কৌতূহল—এদের প্রত্যেকের কাজ যেন তাদের ব্যক্তিত্বেরই স্বাভাবিক প্রকাশ। জন্মের সময় তাঁদের ভবিষ্যৎ নির্ধারিত ছিল না, তবে জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই সম্ভাবনা বিকশিত হয়েছে।
কর্মক্ষেত্রে মানুষ শুধু দক্ষতা নিয়ে যায় না; সাথে নিয়ে যায় নিজের ব্যক্তিত্ব, মূল্যবোধ ও জীবনের নানা অভিজ্ঞতা। ২০২৫ সালে প্রকাশিত একটি বড় গবেষণায় ১৪৪টি পৃথক গবেষণার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, প্রায় ৫২ হাজার মানুষের ওপর ভিত্তি করে দায়িত্বশীলতা, সহমর্মিতা, উদ্যোগী মনোভাব ও চাপ সহ্য করার ক্ষমতার মতো বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অর্থপূর্ণ কাজের সম্পর্ক উল্লেখযোগ্য। অর্থাৎ কাজটি কী, তার চেয়েও গুরুত্বপূর্ণ কে সেই কাজটি করছেন। আরেকটি গবেষণায় ৯৯৫ মার্কিন কর্মীর অভিজ্ঞতা বিশ্লেষণে দেখা যায়, যাঁরা নিজের কাজকে অর্থপূর্ণ বলে মনে করেন, তাঁরা কর্মজীবনে বেশি সন্তুষ্ট এবং সামগ্রিক জীবনেও ইতিবাচক অনুভূতি প্রকাশ করেন। এমনকি কর্মজীবন সম্পর্কে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কাজের অর্থপূর্ণতা উপলব্ধিতে সহায়ক।
তবে নিখুঁত কাজ পাওয়া বাস্তবে কঠিন। ভালো বেতন, সামাজিক মর্যাদা বা চাকরির নিরাপত্তা গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোই নির্ধারণ করে না একটি কাজ কারও জন্য সত্যিই উপযুক্ত কি না। বরং প্রশ্ন উঠতে পারে—কোন ধরনের কাজ আমার ভেতরের সেরাটাকে বের করে আনে? কারও জন্য তা কঠিন সমস্যার সমাধান, কারও জন্য সৃজনশীল কিছু তৈরি, আবার কারও জন্য অন্যকে শেখানো বা মানুষের সেবা। একজনের কাছে আনন্দের কাজ অন্যজনের কাছে হতে পারে বিরক্তিকর, তাই অর্থপূর্ণ কাজের সংজ্ঞা সবার জন্য এক নয়।
অনেক সময় দক্ষতা ও সাফল্য থাকলেও কাজটি নিজের জন্য উপযুক্ত নাও হতে পারে, কারণ তা ব্যক্তির প্রকৃত আগ্রহ বা মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ক্ষেত্রে নিজের অতীত অভিজ্ঞতা পর্যালোচনা করা সহায়ক হতে পারে—কোন কাজে সময়ের কথা ভুলে গেছি, কোন দায়িত্বে ক্লান্তির বদলে নতুন উদ্যম পেয়েছি, বা কোন সমস্যার সমাধানে মানুষ বারবার আমাদের সাহায্য চেয়েছে। জীবনের কঠিন অভিজ্ঞতাও ভবিষ্যতের পথ দেখাতে পারে, যদিও তা কখনোই কাম্য নয়। কোনো চাকরি প্রথমে ভুল মনে হলেও পরে সেটি অমূল্য দক্ষতা শিখিয়ে দিতে পারে; তেমনই ছেড়ে দেওয়া কাজও জানিয়ে দেয় কোন পথ আমাদের জন্য নয়।
সুতরাং কর্মজীবনকে কেবল চাকরি, পদোন্নতি বা সাফল্যের তালিকা হিসেবে না দেখে প্রতিটি অভিজ্ঞতাকে নিজের সম্পর্কে জানার সুযোগ হিসেবে দেখা উচিত। জীবনের উদ্দেশ্য আগে থেকে লেখা কোনো উত্তর নয়; নিজের শক্তি চিনে, কাজে লাগিয়ে এবং অভিজ্ঞতা থেকে শিখে সেটি তৈরি করে নেওয়াই আসল পথ।




