গত কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে তিন বছরের স্নাতক ডিগ্রি প্রোগ্রামের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষার খরচ মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য এই সংক্ষিপ্ত কোর্সগুলো একটি বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। তবে শিক্ষাবিদদের একাংশের মতে, এটি মূলত শিক্ষার মানের সঙ্গে আপস করে 'শর্টকাট' গ্রহণের নামান্তর।

সাল্ট লেক সিটির বেসরকারি প্রতিষ্ঠান এনসাইন কলেজের শিক্ষার্থী ৩৪ বছর বয়সী জাইলস সিমস সম্প্রতি চাকরির বাজারে নিজের অবস্থান নিয়ে হতাশ ছিলেন। ডিগ্রি না থাকায় বারবার চাকরির সুযোগ হাতছাড়া হচ্ছিল। স্ত্রী ও বিধবা মাকে দেখভালের দায়িত্ব থাকায় দীর্ঘ চার বছরের পড়াশোনার সময় তিনি পাবেন না বলে সিদ্ধান্ত নেন। তাই তিন বছরের ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হন তিনি। এনসাইন কলেজ সম্প্রতি তাদের সব ব্যাচেলর ডিগ্রিতে ঐতিহ্যবাহী চার বছরের তুলনায় কম কোর্স বাধ্যতামূলক করেছে। সিমস বলেন, "চার বছর কর্মক্ষেত্রের বাইরে থাকার কথা ভাবতেই পারছিলাম না। তিন বছর শুনে বিষয়টা অনেক সহজ মনে হয়েছে।"

নন-প্রফিট গবেষণা সংস্থা RAND-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের বসন্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যে কমপক্ষে একটি কলেজে এই ধরনের সংক্ষিপ্ত ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে। সমর্থকরা বলছেন, উচ্চশিক্ষার খরচ কমানোর ক্ষেত্রে এটি একটি কার্যকর সমাধান। বিশেষ করে যারা কর্মজীবী বা পরিবারের দায়িত্বে আছেন, তাদের জন্য এই সুযোগ আশীর্বাদস্বরূপ। তবে আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরসহ (AAUP) অনেকেই মনে করছেন, এতে কলেজ ডিগ্রির গুরুত্ব কমে যাবে। সংগঠনটির সভাপতি টড উলফসন বলেন, "এটা কোনো উদ্ভাবন নয়, বরং শিক্ষার মান নষ্ট করাই হচ্ছে।"

ঐতিহ্যগতভাবে কলেজগুলোতে ত্বরান্বিত ডিগ্রি প্রোগ্রাম ছিল, যেখানে গ্রীষ্মের ছুটি কমিয়ে বা সেমিস্টার সংক্ষিপ্ত করে কোর্স শেষ করা যেত। কিন্তু নতুন এই প্রোগ্রামগুলোর বিশেষত্ব হলো, মোট ক্রেডিট আওয়ার কমিয়ে ৯০-এ নামিয়ে আনা। এর ফলে স্বাভাবিক ১২০ ক্রেডিটের চার বছরের ডিগ্রি থেকে এক বছর কমে যায়। যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স ও ইতালির মতো দেশে তিন বছরের স্নাতক ডিগ্রি বহু আগে থেকেই প্রচলিত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধারণা বাস্তবায়নে বাধা ছিল স্বীকৃতিদাতা সংস্থাগুলোর নিয়ম।

২০০৯ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট জেমস্কি নিউজউইক ম্যাগাজিনে একটি নিবন্ধে তিন বছরের ডিগ্রির পক্ষে মত দেন। কিন্তু তখন স্বীকৃতিদাতারা জানিয়ে দেন, কলেজ ডিগ্রি মানেই ১২০ ক্রেডিট। পরে ২০২২ সালে উচ্চশিক্ষার খরচ নিয়ে উদ্বেগ বাড়লে জেমস্কি আবারও এ বিষয়ে আলোচনা শুরু করেন। "কলেজ-ইন-৩ এক্সচেঞ্জ" নামের একটি নেটওয়ার্ক গঠিত হয় এবং বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান এতে যুক্ত হয়। ২০২৩ সালে নর্থওয়েস্ট কমিশন অন কলেজস অ্যান্ড ইউনিভার্সিটিজ প্রথম এনসাইন ও ব্রিগহাম ইয়াং ইউনিভার্সিটি-আইডাহোর জন্য কম ক্রেডিট প্রোগ্রাম অনুমোদন দেয়। পরে আরও কয়েকটি স্বীকৃতিদাতা সংস্থা এগিয়ে আসে।

র্যান্ডের বিশ্লেষণে দেখা গেছে, গত মে মাস পর্যন্ত ১১৯টি কম-ক্রেডিট প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠান, যারা অনলাইনে কোর্স পরিচালনা করছে। ব্যবসায়, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ক ডিগ্রিগুলো সবচেয়ে জনপ্রিয়। প্রকৌশল বা শিক্ষক প্রশিক্ষণের মতো কিছু বিষয়ে এই কম ক্রেডিট প্রোগ্রাম চালু করা কঠিন হয়ে পড়েছে, কারণ সেখানে ব্যবহারিক অভিজ্ঞতা ও রাষ্ট্রীয় লাইসেন্সের প্রয়োজন হয়।

কলোরাডোর গ্রামীণ এলাকায় বসবাসকারী জিল কোহেন এই ধরনের একটি প্রোগ্রামে শিক্ষকতা ডিগ্রি সম্পন্ন করছেন। একটি খামারের দুর্ঘটনায় প্রায় প্রাণ হারানোর পর তিনি জীবনবিমার চাকরি ছেড়ে শিক্ষকতা পেশায় আসার সিদ্ধান্ত নেন। এখন তিনি মিডল স্কুলে ইংরেজি পড়াচ্ছেন এবং ইনডিয়ানা ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের বিশেষ "গ্রো ইওর ওন" প্রোগ্রামে পড়ছেন। তার মতে, "যেসব কোর্স আমি পড়াতে যাচ্ছি না, সেগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার কী?" তবে র্যান্ডের নীতি গবেষক জেনা ক্র্যামার সতর্ক করে বলছেন, রাষ্ট্রীয় লাইসেন্সের প্রয়োজন এমন পেশাগুলোতে এই প্রোগ্রাম জটিলতা তৈরি করতে পারে।

শিক্ষার্থীরা নিজেরাও এটাকে কিছুটা ঝুঁকি হিসেবে দেখছেন। মাউন্ট ম্যারি ইউনিভার্সিটির ২০ বছর বয়সী গ্যাব্রিয়েলা স্টেটেন মনে করেন, এতে তার অন্তত ২০ হাজার ডলার সাশ্রয় হবে। যদিও নিয়োগকর্তারা তিন বছরের ডিগ্রিকে চার বছরের মতো গুরুত্ব দেবেন কি না, তা নিয়ে তার সন্দেহ আছে। এনসাইন কলেজের অ্যাকাউন্টিং শিক্ষার্থী ওয়েসলি হার্ডিও জানান, সনদপ্রাপ্ত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য রাষ্ট্রভেদে নিয়ম আলাদা। অনেকে ১২০ সেমিস্টার আওয়ারে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেন, কিন্তু লাইসেন্স পেতে ১৫০ আওয়ার লাগে। ফলে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন হয়ে পড়তে পারে। এনসাইন কলেজের প্রেসিডেন্ট ব্রুস কুশ অবশ্য আশ্বস্ত করে বলেছেন, স্নাতক স্কুলে ভর্তি নিয়ে বড় সমস্যা হবে না বলে তিনি মনে করেন। তবে হার্ডি প্রশ্ন তুলেছেন, "তাহলে কি আমাকে অতিরিক্ত ক্লাস নিতে হবে? এটা নিয়ে আমি ভেবেছি।"