জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য সাইবার সিকিউরিটি এবং ফ্রিল্যান্সিংসহ মোট ১৫টি বিশেষায়িত স্কিল-বেজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বর্ধিত করা হয়েছে। গত রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। আগে এই কোর্সে আবেদনের শেষ তারিখ ছিল ১৩ সেপ্টেম্বর ২০২৬, যা এখন বাড়িয়ে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া হিসেবে প্রথমে অনলাইনে ফরম পূরণ করতে হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ব্যবহার করে ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। এছাড়া আবেদন ফরমের প্রিন্ট কপি ১৯ অক্টোবরের মধ্যে অনলাইন থেকে সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভর্তির জন্য নির্ধারিত ১৫টি বিষয় হলো— সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিং, এন্টারপ্রেনিউরশিপ, ল্যাংগুয়েজ (আরবি), ল্যাংগুয়েজ (ইংরেজি), কালিনারি সায়েন্স (শেফ), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং ফ্রিল্যান্সিং (গ্রাফিকস ডিজাইন, ভিডিও এডিটিং ও ওয়েব ডিজাইন)।
আবেদনের যোগ্যতা হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা ইউজিসি স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক (পাস) বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকা আবশ্যক। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, একই সেশনে অন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অধ্যয়নরত প্রার্থীরা এই পিজিডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন না। যদি কোনো প্রার্থী এই শর্ত অমান্য করে ভর্তি হন, তবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁর ভর্তি বাতিল করার অধিকার রাখে। পাশাপাশি আবেদন ফরমে প্রদত্ত কোনো তথ্য বা ছবি ভুল, অসম্পূর্ণ অথবা অসত্য প্রমাণিত হলে সেই প্রার্থীর রেজিস্ট্রেশন ও ভর্তি বাতিল বলে গণ্য হবে।




