জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমানো হয়েছে। পূর্বে নির্ধারিত ফি থেকে কমিয়ে নতুন হারে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার জন্য পৃথক দুটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর।

২০২৪ সালের শেষ পর্বের তাত্ত্বিক পত্রপ্রতি ফি এক হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতি পত্রের জন্য দুই হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার জন্য ৯০০ টাকা এবং কেন্দ্র ফি হিসেবে ৬০০ টাকা রাখা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ফি হিসেবে আরও ৮০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ও সাময়িক সনদের জন্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২০–২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে।

অপরদিকে, ২০২৫ ও ২০২৬ সালের প্রথম পর্বের পরীক্ষায় পত্রপ্রতি ফি ৯৭৫ টাকা রাখা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতি পত্রের ফি দুই হাজার টাকা, ট্রান্সক্রিপ্ট ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা। ২০২১–২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত শিক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। এরপর ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ফি জমা দিতে হবে। এই মাধ্যম ছাড়া অন্য কোনোভাবে ফি জমা দেওয়া যাবে না।

পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নেওয়া আবশ্যক। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে। ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য সঠিকভাবে যাচাই করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে।