জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালু হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই আবেদন শুরু হয়ে চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি পত্রের খাতা পুনর্মূল্যায়নের জন্য নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত লিংকে গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর পে স্লিপ সংগ্রহ করা যাবে। ফি পরিশোধের জন্য সোনালী ব্যাংকের যেকোনো শাখা অথবা ব্যাংকটির অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ, বিকাশ ও রকেটেও জমা দেওয়া যাবে। এছাড়া আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), নেক্সাস ও মাস্টারকার্ড কার্ডের মাধ্যমেও ফি পরিশোধ সম্ভব। সোনালী ব্যাংকের নিজস্ব অ্যাকাউন্ট থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করেও আবেদন সম্পন্ন করা যাবে।
আবেদনের সময়সীমার মধ্যে ফরম পূরণ ও ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন করার পর আবেদনপত্র বা পে স্লিপের কোনো কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই। তবে ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে পরবর্তীতে জটিলতা দেখা দিতে পারে এবং সেজন্য বিশ্ববিদ্যালয় দায়ী নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে গত ৩১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ওই পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। গড় পাসের হার ছিল ৬৫ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ ৩৪ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।




