ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো অর্থনৈতিক নীতিনির্ধারণবিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ট্রা ব্র্যাক ইউনিভার্সিটি পলিসি রোডম্যাপ ১.০’ (BUPR 1.0)-এর গ্র্যান্ড ফিনালে। ব্র্যাক ইউনিভার্সিটি ইকোনমিকস ক্লাব (BUEC) আয়োজিত এটিই বিশ্ববিদ্যালয়টির প্রথম এমন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের অর্থনৈতিক চিন্তাভাবনা ও সমাধান প্রস্তাব তুলে ধরার সুযোগ পেয়েছে। চূড়ান্ত পর্বে অংশ নেয় মোট ছয়টি দল। প্রতিটি দলকে বিভিন্ন অর্থনৈতিক সমস্যা নির্বাচন করে তার উপর নীতি ও সমাধানের রূপরেখা উপস্থাপন করতে হয়। শেষ পর্যন্ত বিজয়ী তিনটি দলের নাম ঘোষণা করা হয়। সেরা স্থান দখল করেছে ‘মেকস নো সেন্টস’ নামের দলটি, প্রথম রানারআপ হয়েছে ‘দ্য গ্রেট ডিপ্রেশন’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে ‘ট্রাইং’। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. ওয়াসিকুর রহমান খান, ড. রুবানা আহমেদ এবং ড. এম ফাওজুল কবির খান। আয়োজকদের মতে, ভবিষ্যতের নীতিনির্ধারকদের নিজস্ব বিশ্লেষণী ক্ষমতা ও উপস্থাপনার দক্ষতা বিকাশের লক্ষ্যেই এই আয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অর্থনৈতিক সমস্যা বিশ্লেষণ, নীতি প্রণয়ন এবং প্রস্তাব উপস্থাপনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। প্রতিযোগিতাটি সফল করতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা দিয়েছে। টাইটেল স্পনসর হিসেবে ছিল কনভেয়ার গ্রুপ, পাওয়ার্ড-বাই স্পনসর এনসা ক্লোদিং লিমিটেড, কো-স্পনসর ইউরোটেক্স। টেক্সটাইল পার্টনার হিসেবে ছিল হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল এবং বেভারেজ পার্টনার কোকাকোলা। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দেশ টিভি ও বিজনেস ইন্সপেকশন, ম্যাগাজিন পার্টনার কিশোর আলো। প্রচারণায় সহযোগিতা করেছে ম্যারুন এবং ক্লাব পার্টনার ছিল ব্র্যাক ইউনিভার্সিটি আর্ট অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি।