আন্তর্জাতিক শিক্ষার্থী ও সম্প্রতি স্নাতক সম্পন্ন করা তরুণদের জন্য ২০২৬ সালের ইন্টার্নশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। বিশ্বের বিভিন্ন দেশ ও সেক্টরে এই সুযোগ বিদ্যমান, যেখানে আবেদনকারীরা নিজেদের কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
ইন্টার্নশিপের সময়কাল সাধারণত ৬ থেকে ২৬ সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। আবেদনের জন্য প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে, অথবা গত দুই বছরের মধ্যে যেকোনো একটি ডিগ্রি সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তৃতীয়ত, ইউনিসেফের কর্মভাষা ইংরেজি, স্প্যানিশ বা ফরাসি—এই তিনটি ভাষার অন্তত একটিতে দক্ষতা থাকা বাধ্যতামূলক। নির্দিষ্ট কোনো অফিসে আবেদন করা হলে সেই অফিসের স্থানীয় ভাষায়ও দক্ষতা চাওয়া হতে পারে।
সুবিধার দিক থেকে ইন্টার্নশিপের ধরন ও কর্মস্থলের ওপর নির্ভর করে ভিন্নতা রয়েছে। কিছু পদে মাসিক স্টাইপেন্ড প্রদানের ব্যবস্থা আছে। তাছাড়া জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য অতিরিক্ত অর্থ এবং ভিসা ও যাতায়াতের জন্য এককালীন সহায়তাও কখনো কখনো দেওয়া হয়। তবে সব ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়, তাই সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তি যাচাই করা জরুরি।
আবেদন করতে সাধারণত জীবনবৃত্তান্ত, কভার লেটার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং পাসপোর্টের কপি প্রয়োজন হয়। কোনো নির্দিষ্ট পদে অতিরিক্ত নথিও চাওয়া হতে পারে। আবেদন সম্পন্ন করতে হবে ইউনিসেফের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ইন্টার্নশিপের শেষ তারিখ পদভেদে আলাদা—যে পদের জন্য আবেদন করা হবে, তার বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমা অনুসরণ করতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা যেকোনো দেশ থেকে এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।




