ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় একটি ইলেকট্রিক স্কুটারে (মনোপাত্তিনো) চাপা পড়ে 'চোকো' নামের তিন মাস বয়সী একটি ডাচহাউন্ড প্রজাতির কুকুরছানার মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পেছনে দায়ী চালককে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ, যার বয়স ৩০ বছর এবং তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। ইতালির সংবাদমাধ্যম ‘লা গাজ্জেত্তা’র এক প্রতিবেদনে এই ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে মেস্ত্রে এলাকার পার্কো ত্রা ভিয়া কোস্তা ও ভিয়া আলেয়ার্দির মধ্যবর্তী একটি স্থানে। প্রত্যক্ষদর্শী ও প্রতিবেদন অনুযায়ী, কুকুরটির মালকিন সিলভিয়া যখন তার পোষ্য চোকোকে নিয়ে হাঁটছিলেন, তখন একটি ইলেকট্রিক স্কুটারে থাকা দুই ব্যক্তি কুকুরছানাটিকে ধাক্কা দেয়। স্কুটারটির পেছনের চাকাটি সরাসরি কুকুরছানাটির ওপর দিয়ে চলে যায়, যার ফলে সেটি গুরুতর আহত হয়। দ্রুত পশুচিকিৎসাকেন্দ্রে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পর চালক এবং তার সঙ্গী কোনো সাহায্য না করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর সিলভিয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভেনিসের পুলিশ। শহরের বিভিন্ন মোড়ে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে স্কুটারটির গতিপথ চিহ্নিত করা হয়। এরপর পুলিশের ফরেনসিক তদন্ত বিভাগের সদস্যরা কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চালকের পরিচয় নিশ্চিত করেন। বর্তমানে ওই যুবকের বিরুদ্ধে প্রাণী হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

ইতালির দণ্ডবিধির ৫৪৪-বিস ধারা অনুযায়ী, নিষ্ঠুরতা বা অকারণে কোনো প্রাণীর মৃত্যুর কারণ হলে অপরাধীর ছয় মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ৩০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া সংশোধিত আইনে এই শাস্তির বিধান রাখা হয়েছে।

এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন মেস্ত্রের মেয়র সিমোনে ভেন্তুরিনি। তিনি এই কাজটিকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়ে জানান, ইলেকট্রিক স্কুটারের চলাচলের ক্ষেত্রে আরও কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োজন। পাশাপাশি, পৌরসভা এই মামলার বাদী হয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী। কুকুরটির মালিক সিলভিয়াও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন এবং চালকের দায়িত্বজ্ঞানহীন আচরণের সমালোচনা করেছেন। এছাড়া ভেনেতো অঞ্চলের সাবেক গভর্নর লুকা জাইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার নিন্দা জানিয়ে যথাযথ তদন্ত ও দোষীর শাস্তির আহ্বান জানিয়েছেন।