ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা আলি আকবর ভেলায়াতি। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন এবং ইরাকের সার্বভৌমত্বের সীমানা ও বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

শনিবার 'ভয়েস অব এমিরেটস'-এর প্রতিবেদন অনুযায়ী, সরকারি নির্দেশনার প্রেক্ষিতে শুক্রবার ভোর থেকেই নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইরানের সব ধরনের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। বিশেষ করে ধর্মীয় স্থানগুলোতে যাতায়াতের জন্য এই বিমানবন্দরটি ব্যবহৃত হতো, যা বন্ধ হওয়ায় বিভাজন আরও স্পষ্ট হয়েছে বলে মনে করেন ভেলায়াতি।

ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানিকে সরাসরি সম্বোধন করে ভেলায়াতি লেখেন, বৈধতার উৎস ওয়াশিংটন নয়, বরং নাজাফের পবিত্র মাটি এবং শহীদদের রক্ত। তার অভিযোগ, তেহরানপন্থি 'কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক' জোটের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, সামরিক লড়াইয়ে পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে শত্রুপক্ষ এখন অভ্যন্তরীণভাবে প্রতিরোধ ফ্রন্টগুলোর ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র করছে। তবে সানা থেকে নাজাফ পর্যন্ত এই ঐক্য অটুট থাকবে এবং ষড়যন্ত্রের মাধ্যমে রক্তের বন্ধন বিচ্ছিন্ন করা সম্ভব নয় বলে তিনি জোর দিয়ে বলেন।

এই উত্তেজনা এমন এক সময়ে তৈরি হলো যখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রশাসন ইরানের বিমান চলাচল খাতের প্রায় ৩৬টি প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে ২৭টি বেসামরিক কোম্পানি অন্তর্ভুক্ত। এদিকে, বিমান চলাচলের এই জটিল পরিস্থিতি নিয়ে তারা ওয়াশিংটনের সাথে আলোচনা করছে বলে শনিবার ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।