মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে একটি যৌথ ব্যবস্থাপনাধীন নৌ-চলাচল রুট তৈরির উদ্যোগ সামনে এসেছে। মঙ্গলবার ইরান ও ওমানের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশ্বের মোট তেল রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, তাই এই অঞ্চলে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি আন্তর্জাতিক বাজারকেও প্রভাবিত করতে পারে। ফলে যৌথ শিপিং রুটের এই উদ্যোগকে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা জোরদারের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আলোচনার টেবিলে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য নৌ-বিপদের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। এছাড়াও, সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য নিরাপদ করিডোর তৈরি করতে মাইন অপসারণ অভিযান চালানোর বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে।

সূত্রমতে, এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক স্থিতিশীলতা ও সমুদ্রপথের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন। এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই ভূ-রাজনৈতিক জটিলতা বিদ্যমান, যা এই আলোচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

এই যৌথ উদ্যোগের ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নতুন মাত্রা যোগ হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। দুই দেশের মধ্যে এই সহযোগিতামূলক পদক্ষেপ আন্তর্জাতিক শিপিং মহলে নজর কেড়েছে।