হরমুজ প্রণালীকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা অবসানে ইরানের হাতে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার কথা ভাবা উচিত বলে মন্তব্য করেছেন একজন প্রভাবশালী মার্কিন নিরাপত্তা বিশ্লেষক। ডিফেন্স প্রায়োরিটিজ সংস্থার মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক ডা. রোজমেরি কেলানিক সম্প্রতি ফোর্বস নিউজরুমের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই অভিমত ব্যক্ত করেন।
তার বিশ্লেষণে বলা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই কৌশলগত জলপথটি বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশের বেশি পরিবহনের পথ। ফলে এই অঞ্চলে যেকোনো অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারকে চরমভাবে প্রভাবিত করতে পারে। ইরান বারবার এই প্রণালী বন্ধের হুমকি দিলেও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।
কেলানিকের মতে, বর্তমান নীতি যুক্তরাষ্ট্রের জন্য অযথা ঝুঁকি তৈরি করছে। তার ভাষ্য, 'আমাদের এই অঞ্চলে সামরিক শক্তি প্রয়োগের যে কৌশল, তা দীর্ঘমেয়াদে টেকসই নয়।' তিনি আরও উল্লেখ করেন, ইরানের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানোর বদলে কূটনৈতিক চ্যানেল খোলা রাখা এবং প্রণালীটির নিরাপত্তা নিশ্চিতে ইরানকে অংশীদার করা আরও বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।
তিনি তার যুক্তিতে বলেন, ইরানকে নিয়ন্ত্রণ দিলে তা আঞ্চলিক স্থিতিশীলতা বাড়াতে পারে। যদিও এই মতামত বিতর্কিত, কারণ অনেক পশ্চিমা নীতিনির্ধারক মনে করেন, ইরানের হাতে এই প্রণালীর নিয়ন্ত্রণ গেলে তেল সরবরাহে হঠাৎ বিঘ্ন ঘটার আশঙ্কা থেকে যাবে। তবুও কেলানিকের বিশ্লেষণে জোর দেওয়া হয়েছে, দীর্ঘমেয়াদে সামরিক উত্তেজনার চেয়ে কূটনৈতিক সমাধানই সকল পক্ষের জন্য বেশি লাভজনক।
এখন দেখার বিষয়, ওয়াশিংটনের নীতিনির্ধারকেরা এই বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন নাকি আগের মতোই কঠোর অবস্থানে অটল থাকেন।



