ইসলামি অর্থনীতিতে বিনিয়োগ শুধু আর্থিক লেনদেন নয়; এটি একটি মহৎ সামাজিক দায়িত্ব ও ইবাদত হিসেবে গণ্য হয়। পবিত্র কোরআনে মানুষকে পৃথিবীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে (সুরা হুদ, আয়াত: ৬১)। এ দৃষ্টিভঙ্গি থেকে সঠিক নিয়মে উপার্জিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করলে তা ব্যক্তিগত সমৃদ্ধির পাশাপাশি সমাজের কর্মসংস্থান সৃষ্টি ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হয়। সুরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে দুনিয়া ও পরকালের ভারসাম্য রক্ষা করার নির্দেশনা রয়েছে, যা একজন বিশ্বাসীর বিনিয়োগের মূল চালিকাশক্তি হতে পারে।

বিনিয়োগে প্রবেশের আগে তিনটি প্রাথমিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, ব্যক্তিগত ঋণ পরিশোধ ও সন্দেহজনক লেনদেন থেকে তওবা করা আবশ্যক। সহিহ বুখারির হাদিসে (২০৫১) স্পষ্ট বলা হয়েছে, হালাল ও হারাম স্পষ্ট, কিন্তু দুইয়ের মাঝে সন্দেহজনক বিষয় এড়িয়ে চলাই উত্তম। দ্বিতীয়ত, আকস্মিক সংকট মোকাবিলায় কমপক্ষে ৩ থেকে ৬ মাসের খরচের সমপরিমাণ জরুরি তহবিল আলাদা রাখতে হবে। এছাড়া নিসাব পূর্ণ হলে জাকাত আদায় করা ফরজ। তৃতীয়ত, নিজের শ্রমে অর্জিত হালাল মূলধনই বিনিয়োগের প্রকৃত শক্তি। সুনানে ইবনে মাজাহর হাদিসে (২১৩৮) নিজ হাতের উপার্জনকে সর্বোত্তম খাবার হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন বিনিয়োগকারীদের জন্য ইসলামি অর্থনীতিতে তিনটি সহজ মাধ্যম রয়েছে। হালাল মিউচুয়াল ফান্ড হলো বিশেষজ্ঞদের পরিচালনায় হালাল খাতে বিনিয়োগের একটি নিরাপদ পদ্ধতি, যা ঝুঁকি ছড়িয়ে দেয়। অন্যদিকে সুকুক বা ইসলামি বন্ড প্রচলিত সুদি বন্ডের বিকল্প, যেখানে প্রকল্পের লাভ-ক্ষতির অংশীদার হওয়ার মাধ্যমে বাস্তব সম্পদে বিনিয়োগ করা হয়। তৃতীয়ত, যেসব কোম্পানি মদ, জুয়া, তামাক বা সুদি ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত নয় এবং ঋণগ্রস্ততার সীমা মেনে চলে, তাদের শেয়ার ক্রয় করে হালাল মুনাফা অর্জন সম্ভব।

ইসলামি বাণিজ্যিক আইনের মূল নীতি হলো ন্যায়বিচার ও পারস্পরিক সম্মতি। সুরা নিসার ২৯ নম্বর আয়াতে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি গারার বা প্রতারণামূলক ও ঝুঁকিপূর্ণ লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে (সহিহ মুসলিম, হাদিস: ১৫১৩)। স্বচ্ছতা ও বাস্তবসম্মত বিনিয়োগের পরই আল্লাহর ওপর ভরসা করা উচিত, যেমনটি সুরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে।

বিনিয়োগের প্রকৃত সার্থকতা নির্ভর করে নিয়তের শুদ্ধতার ওপর। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সব কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল (সহিহ বুখারি, হাদিস: ১)। সুরা বাকারার ২৬১ নম্বর আয়াতে আল্লাহর পথে ব্যয়ের উপমা দিয়ে একটি শস্যবীজের কথা বলা হয়েছে, যা থেকে সাতটি শিষ জন্মায় এবং প্রতিটি শিষে একশত দানা হয়। এমনিভাবে হালাল উপার্জনে লগ্নি করা অর্থকে বহুগুণ বরকত দেয় এবং ব্যক্তিকে পার্থিব ও পরকালীন সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়।