এক সময়ে গৃহসজ্জার অনুপ্রেরণা পেতে মানুষ আত্মীয়স্বজনের বাড়ি, বিভিন্ন ম্যাগাজিন কিংবা দোকানের ক্যাটালগের ওপর নির্ভরশীল ছিল। তবে বর্তমান সময়ে স্মার্টফোনের সহজলভ্যতায় পিন্টারেস্টের মতো প্ল্যাটফর্ম ঘর সাজানোর ধারণায় আমূল পরিবর্তন এনেছে। পিন্টারেস্ট মূলত নকশা ও ছবি খোঁজার একটি অনলাইন মাধ্যম, যেখানে পোশাক, খাবার এবং ভ্রমণের পাশাপাশি গৃহসজ্জার অগণিত আইডিয়া পাওয়া যায়। দেয়ালের রং নির্বাচন থেকে শুরু করে আসবাবের বিন্যাস কিংবা সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার—সবকিছুরই অনুপ্রেরণা এখন এখান থেকে মিলছে।
বিশেষ করে পিন্টারেস্টের ‘মুডবোর্ড’ বা নির্দিষ্ট নান্দনিকতার ধারণাগুলো সাধারণ মানুষের রুচিতে প্রভাব ফেলছে। কেউ পছন্দ করছেন প্রাকৃতিক আলো ও খোলা জায়গার সরলতা, আবার কেউ বেছে নিচ্ছেন কাঠের আসবাব ও উষ্ণ রঙের আরামদায়ক পরিবেশ। এই ডিজিটাল অনুপ্রেরণা কেবল দেখার মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং মানুষ পছন্দের ছবি সংরক্ষণ করে সে অনুযায়ী কেনাকাটা করছেন। অনেক ক্ষেত্রে অনলাইন শপ বা সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ছবির আদলে পণ্য খোঁজা হচ্ছে, আবার কেউ কেউ স্থানীয় কারিগরদের সেই ছবি দেখিয়ে অনুরূপ আসবাব তৈরি করিয়ে নিচ্ছেন। এর ফলে দেয়ালের রং, পর্দা, কার্পেট এমনকি ছোট ছোট সাজসজ্জার উপকরণ কেনার ক্ষেত্রেও এই প্ল্যাটফর্মটি সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছে।
পেশাদার ইন্টেরিয়র ডিজাইনারের পরিবর্তে মানুষ এখন নিজেই নিজের ঘরের নকশাকার হয়ে উঠছেন। পেশাদার সহায়তা নিলে নকশা ও বাস্তবায়নের জন্য বড় অঙ্কের ব্যয় হয়, কিন্তু পিন্টারেস্টের ধারণা ব্যবহার করে ধাপে ধাপে এবং বাজেটের সাথে সামঞ্জস্য রেখে কাজ করানো সম্ভব হচ্ছে। বিশেষ করে ছোট ফ্ল্যাট বা সীমিত বাজেটের ক্ষেত্রে কোন জিনিসটি রাখা প্রয়োজন আর কোনটি বাদ দেওয়া যায়, সেই সিদ্ধান্ত মানুষ এখন নিজেই নিতে পারছেন।
তবে অনলাইন নকশা হুবহু প্রয়োগ করার ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন ইনসাইড ইন্টেরিয়রের প্রতিষ্ঠাতা সুবর্ণা মোস্তারি। তার মতে, একটি ঘরের আয়তন, জানালার অবস্থান, আলো-বাতাসের প্রবেশ এবং পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী নকশার সামঞ্জস্য থাকা জরুরি। অন্যের ঘরে যা সুন্দর দেখাচ্ছে, তা নিজের ঘরে মানানসই নাও হতে পারে। ছোট জায়গার ক্ষেত্রে তিনি বহুমুখী আসবাব ব্যবহার, দেয়ালের তাকের ব্যবহার এবং আয়না ও আলোর সঠিক প্রয়োগের পরামর্শ দিয়েছেন, যাতে ঘরটি আরও খোলামেলা ও ব্যবহারবান্ধব মনে হয়।
পরিশেষে, আধুনিকতার পাশাপাশি স্বস্তিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে সুবর্ণা মোস্তারি জানান, পিন্টারেস্টের ধারণা নেওয়া এবং পেশাদার ডিজাইনারের সহায়তা নেওয়ার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। বিশেষ করে খরচের ধরন, কাঠামোগত ঝুঁকি মোকাবিলা এবং কাজের মানের ক্ষেত্রে পেশাদারদের ভূমিকা ভিন্ন। তাই অনলাইন থেকে ধারণা নিলেও নিজের ঘরের প্রয়োজন ও কাঠামোর সাথে তার সামঞ্জস্যতা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ নান্দনিকতার পাশাপাশি ঘরে স্বস্তি না থাকলে সাজসজ্জার প্রকৃত সার্থকতা থাকে না।




