রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী প্রীতি উড়াংয়ের মৃত্যুর মামলায় সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারের বিচার শুরুর পথ খুলে দিয়েছেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন গত বুধবার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের নির্দেশ দেন। এই দম্পতির বাসভবনে কাজ করত প্রীতি উড়াং (১৫)। ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছেন আদালত বলে মনে করা হচ্ছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, আগামী ৪ জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন দুই আসামিকে আদালতে উপস্থিত থাকতে হবে। বুধবারের শুনানিতে দুই আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তাঁদের পক্ষে আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতির যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিল্লাল হোসেন অভিযোগ গঠনের পক্ষে শুনানি পরিচালনা করেন। উভয় পক্ষের বক্তব্য শেষে আদালত এই রায় দেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের নয়তলা থেকে পড়ে যায় প্রীতি। পড়ে যাওয়ার সময় সে পাশের দোতলার টিনশেডের ওপর আছড়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলভীবাজারের কমলগঞ্জের বাসিন্দা প্রীতির বাবা লোকেশ উড়াং এ ঘটনায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গত ৩১ মার্চ পুলিশের গোয়েন্দা বিভাগ দুই জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

এ ঘটনায় আশফাকুল ও তানিয়া কয়েক মাস কারাগারে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে তাঁরা বর্তমানে জামিনে রয়েছেন। ডেইলি স্টার কর্তৃপক্ষ ২০২৪ সালের ২ এপ্রিল আশফাকুল হককে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। গৃহকর্মীর মৃত্যু নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো।