আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ট্রাস্টি বোর্ডের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইশতিয়াক আবেদীন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বোর্ডের ২০২তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন, গবেষণার মান বৃদ্ধি এবং সামগ্রিক প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে এই দুই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরেই বিশেষ অবদান রেখে চলেছেন।

নতুন চেয়ারম্যান হাসানুল এ হাসান ব্যবসায়িক ক্ষেত্রেও অত্যন্ত সক্রিয়। তিনি বর্তমানে কেমলুব লিমিটেডের চেয়ারম্যান হিসেবে কর্মরত, যারা বাংলাদেশে ম্যাক লুব্রিকেন্টসের একক পরিবেশক। এর পাশাপাশি তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের (এডিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং সুবারু বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন শিক্ষা ও ব্যবসায়িক উভয় খাতেই নেতৃত্ব দিচ্ছেন। তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এআইইউবি-র ট্রাস্টি বোর্ডের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি আমেরিকান ডেইরি লিমিটেডের চেয়ারম্যান এবং কেমলুব লিমিটেড, সানজাইব লিমিটেড ও সানজাইব ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।