জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় শুক্রবার বিকেলে এমনই এক দৃশ্য দেখা গেল, যা দেখতে স্থানীয়রা ভিড় জমান। শেষ বিকেলের আলোয় হঠাৎ করেই এক যুবক দুধ দিয়ে স্নান শুরু করেন। কেউ বিস্মিত হয়ে তাকিয়ে ছিলেন, আবার কেউ মুঠোফোনে সেই মুহূর্ত ধরে রাখার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়, পুরোনো এক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতেই এই আয়োজন।
ঘটনার নায়ক তারিকুল ইসলাম (২৫) উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে। তিনি জানান, অতীতে এক নারীকে ভালোবেসেছিলেন এবং সেই সম্পর্ক নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সম্পর্কই তাঁর জীবনে নেমে আসে হতাশা ও যন্ত্রণার ছায়া। দীর্ঘদিন ধরে সেই মানসিক কষ্টের সঙ্গে লড়াই করে অবশেষে নতুন করে বাঁচার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই সিদ্ধান্তের প্রতীকী বহিঃপ্রকাশ ঘটাতেই তিনি দুধে স্নান করেছেন বলে জানান।
তারিকুল বলেন, 'আমি একজন বিশ্বাসঘাতককে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবন প্রায় ধ্বংস হয়ে গেছে। অসহ্য যন্ত্রণা সইতে হয়েছে। তাই আজ দুধ দিয়ে স্নান করে সেই প্রেম থেকে চিরতরে বিদায় নিচ্ছি। আর কোনোদিন সেই সম্পর্কে ফিরে যেতে চাই না।' তার ভাষ্য অনুযায়ী, এবার আর প্রেমের পেছনে ছুটবেন না; বরং সঠিক পথে নিজের জীবন সাজাতে চান। নতুন করে সংসার ও ভবিষ্যৎ গঠনের পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে চান তিনি।
এলাকাবাসীর কয়েকজন জানান, প্রেমে ব্যর্থ হয়ে মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়ে থাকে — কেউ নীরবে কষ্ট সহ্য করে, কেউ আত্মহননের পথ বেছে নেয়। তবে প্রকাশ্যে দুধ দিয়ে স্নান করে প্রেমকে বিদায় জানানোর এমন ঘটনা তাঁদের কাছে সত্যিই বিরল ও ভিন্ন মাত্রার। কেউ কেউ তারিকুলের এই সিদ্ধান্তকে সাহসী বলেও মন্তব্য করেন।




