রাজধানীর ডেমরা এলাকার দক্ষিণ হাজিনগরের একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত নারীর পরিচয় পাওয়া গেছে জোসনা বেগম (৪০) হিসেবে। তিনি তার স্বামী ও সন্তানদের নিয়ে দক্ষিণ হাজীনগরের ২৭৩ নম্বর বাসায় বসবাস করতেন।
ডেমরা থানার এসআই মো. সাদ্দাম হোসেন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, জোসনা বেগমের স্বামী পেশায় একজন বাসচালক। পারিবারিক কিছু বিরোধের কারণে স্বামীর ওপর অভিমান করে তিনি নিজ কক্ষের কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে পরবর্তী প্রক্রিয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।
নিহতের স্বামী মোহাম্মদ ফারুক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংসারিক বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেই ঝগড়ার পর অভিমানে জোসনা এই চরম পদক্ষেপ নিয়েছেন। তিনি আক্ষেপ করে জানান, পারিবারিক ঝগড়া সব ঘরেই হয়, কিন্তু এভাবে তার স্ত্রী চলে যাবেন তা তিনি মেনে নিতে পারছেন না। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের সংসারে তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে।




