বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করেছে। আগামী ৮ ডিসেম্বর ২০২৬ থেকে এই পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত চার দিনে শিক্ষার্থীদের মোট ছয়টি বিষয়ের পরীক্ষা দিতে হবে।
মাদ্রাসা বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা। ১০ ডিসেম্বর আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। এরপর ১৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং সর্বশেষ ১৫ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বোর্ড মোট ৯টি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, কুরআন মাজিদ ও তাজভীদ, আকাইদ ও ফিকহ এবং আরবি প্রথম ও দ্বিতীয় পত্রের পূর্ণমান হবে ১০০ এবং পরীক্ষার সময় নির্ধারিত থাকবে ৩ ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। বাংলা ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে পৃথক কোড এবং আলাদা উত্তরপত্র থাকবে; প্রতিটি বিষয়ের মান ৫০ এবং সময় ১ ঘণ্টা ৩০ মিনিট করে মোট ৩ ঘণ্টা সময় দেওয়া হবে। একইভাবে গণিত ও বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রেও পৃথক কোড ও উত্তরপত্র ব্যবহার করা হবে, যেখানে গণিতের মান ৭০ ও বিজ্ঞানের মান ৩০ এবং সময় যথাক্রমে ২ ঘণ্টা ১০ মিনিট ও ৫০ মিনিট নির্ধারিত করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত পাঠ্যপুস্তক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসরণ করে এই পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য আরও বলা হয়েছে যে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে তাদের নির্ধারিত আসনে বসতে হবে। এছাড়া, পরীক্ষার অন্তত সাত দিন আগে প্রতিষ্ঠানপ্রধানের সিল ও স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের।
উত্তরপত্রের ওএমআর (OMR) ফর্মে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড সতর্কতার সাথে লিখে বৃত্ত ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে এবং উত্তরপত্র ভাঁজ করতে নিষেধ করা হয়েছে। পরীক্ষার হলে বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহারের অনুমতি থাকলেও প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ। সবশেষে, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থীর মুঠোফোন, স্মার্ট ঘড়ি, হেডফোন কিংবা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্র অভ্যন্তরে আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।




