বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পক্ষ থেকে ৫০তম বিসিএসের তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন সকাল ১০টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে কমিশনের প্রধান কার্যালয় — আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

এ ধাপে মোট ২ হাজার ৫৩৫ জন প্রার্থী অংশগ্রহণের কথা রয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডারের অবশিষ্ট ৪৩৫ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ১ হাজার ৫১৫ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারে ৫৮৫ জন প্রার্থী রয়েছেন।

মৌখিক পরীক্ষার জন্য বিপিএসসি একটি বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে, যেখানে প্রার্থীদের কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং কী কী নিয়ম মানতে হবে তা উল্লেখ করা হয়েছে। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ সাক্ষাৎকারপত্র এবং ৫০তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র পরীক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে। কমিশন নির্ধারিত ফরমের সাথে দুই সেট সত্যায়িত কপি এবং সব মূল সনদ জমা দিতে হবে। মূল সনদ দেখাতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে — অনধিক তিন মাসের মধ্যে তোলা পাসপোর্ট আকারের ছবি (৩ কপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত), শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি, বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের সনদ, চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধান/পরীক্ষা নিয়ন্ত্রক/রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র, বিদেশী ডিগ্রিধারীদের জন্য ইকুইভ্যালেন্স সনদ, মেডিকেল/ডেন্টাল ডিগ্রিধারীদের বিএমডিসি রেজিস্ট্রেশন এবং ভেটেরিনারি ডিগ্রিধারীদের ভেটেরিনারি কাউন্সিল রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি।

যেসব প্রার্থী অবতীর্ণ হিসেবে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে সব লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে মর্মে সংশ্লিষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক বা বিভাগীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। এছাড়া ৫০তম বিসিএসের ২৯.৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিএমডিসি নিবন্ধিত মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক ওজন, উচ্চতা ও বুকের মাপের সনদ প্রয়োজন। সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক পদে আবেদনকারীদের বিএড/এমএড সনদ জমা দিতে হবে। বর্তমানে কোনো সরকারি বা আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র (এনওসি) আবশ্যক।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রার্থীদের সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা সিভিল সার্জনের সনদ জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অনলাইনে পূরণ করা ও স্বাক্ষরিত ফরমের দুই কপি এবং স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে এনআইডি বা স্থানীয় সরকার প্রতিনিধির সনদ দাখিল করতে হবে। পুলিশ ভেরিফিকেশন ফরমের তিন কপি পূরণ ও স্বাক্ষর করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ জমা দিতে হবে।

কমিশন জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে কোনো ভ্রমণভাতা বা অন্য কোনো ভাতা প্রদান করা হবে না। পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন বা যেকোনো যোগাযোগ যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। প্রয়োজনীয় প্রমাণপত্র ও যৌক্তিক কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।