যুক্তরাজ্যের বেডফোর্ড স্কুলে এবার ইতিহাস বদলাতে চলেছে। প্রতিষ্ঠার ৪৭৪ বছর পর প্রথমবারের মতো এই বিদ্যাপীঠে ছাত্রী ভর্তি করা হবে। ১৫৫২ সালে প্রতিষ্ঠিত স্কুলটি ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে সহশিক্ষা কার্যক্রম শুরু করবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

১৭৬৪ সাল থেকে হারপুর ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে স্কুলটি। আগামী ১২ মাসের মধ্যে ট্রাস্টের আওতাধীন বিভিন্ন বিদ্যাপ্রতিষ্ঠানে যে বড় বিনিয়োগ করা হবে, তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিবর্তনের ফলে আরও বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত হবে। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতাও আরও সমৃদ্ধ হবে।

বেডফোর্ড স্কুল একটি বেসরকারি ডে ও বোর্ডিং স্কুল। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এখানে কখনোই মেয়েদের ভর্তি করা হয়নি। তবে এবার সেই ধারা থেকে বেরিয়ে আসছে স্কুল কর্তৃপক্ষ।

বিনিয়োগ পরিকল্পনার মধ্যে রয়েছে বেডফোর্ড গার্লস স্কুলের সুযোগ-সুবিধা উন্নয়ন, বেডফোর্ড মডার্ন স্কুলের ক্যাম্পাস সংস্কার এবং পিলগ্রিমস প্রি-প্রিপারেটরি স্কুলে শিশুদের যত্নের জন্য অর্থায়ন বাড়ানো। বেডফোর্ড গার্লস স্কুলে নির্মাণ করা হবে নতুন মিউজিক সেন্টার ও রিসাইটাল স্পেস। এছাড়া ক্রীড়া কার্যক্রমে বিনিয়োগ এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতার জন্য স্থাপন করা হবে একটি ওয়েলবিইং হাব।

অন্যদিকে, বেডফোর্ড মডার্ন স্কুলে চলমান সংস্কার কাজের অংশ হিসেবে নতুন করে সাজানো হবে অভ্যর্থনা এলাকা এবং তৈরি করা হবে বহুধর্মীয় প্রার্থনাকক্ষ।

হারপুর ট্রাস্টের প্রধান নির্বাহী ডেভিড স্টিডম্যান বলেন, 'শিক্ষার জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতে আমাদের স্কুলগুলো কীভাবে সবচেয়ে ভালোভাবে কাজ করতে পারে, তা আমরা নিয়মিত পর্যালোচনা করি।'

তিনি আরও বলেন, 'আমরা আত্মবিশ্বাসী যে এই পরিকল্পনাগুলো আমাদের স্কুলগুলোকে আগামী প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষার অভিজ্ঞতা দিতে সক্ষম করবে।'