জীবনের অনিশ্চয়তা মাথায় রেখে ব্যাংক হিসাবে নমিনি নির্বাচনকে হালকাভাবে নেওয়া উচিত নয়। অনেকেই হিসাব খোলার সময় ফরমে একজন নমিনির নাম ও ছবি দিয়ে দায়িত্ব শেষ মনে করেন, কিন্তু ভুল কাউকে নমিনি করলে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে কাকে নমিনি করা হচ্ছে, কেন তাকে নমিনি করা হচ্ছে এবং ভবিষ্যতে সম্পর্কের পরিবর্তন কীভাবে হতে পারে—এই তিনটি বিষয় বিবেচনা করা অত্যন্ত জরুরি।
সিটি ব্যাংক পিএলসির বনানী লেক ভিউ শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার নূর শাহরিয়ার সিদ্দিকী জানান, খুব কাছের মানুষদের নমিনি করা উচিত, যেখানে পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পরিচিত সহকর্মী বা বন্ধুকে নমিনি করা হয়, যা পরে বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, কাগজপত্র জোগাড় করতে একদিন বেশি সময় লাগলেও তাৎক্ষণিকভাবে অপরিচিত কাউকে নমিনি করা ঠিক নয়। হিসাবধারীর মৃত্যুর পর উত্তরাধিকারীদের সঙ্গে নমিনির বিরোধ হলে ব্যাংক তা সমাধান করতে পারে না, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তাই পরিবারের লোকজনকে নমিনি করার পরামর্শ দেন তিনি।
পরিবারের মধ্যে কাকে নমিনি করা হবে তা হিসাবধারীর ব্যক্তিগত বিষয়। তবে বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে নমিনি করলে সন্তানেরা সহজেই সম্পদের সুবিধা পেতে পারেন। আবার মা-বাবাকে নমিনি করলে বিবেচনায় রাখতে হবে যে তাঁদের অবর্তমানে দাম্পত্য সঙ্গী ও সন্তানরা সেই সম্পদ যথাযথভাবে পাবে কিনা। মূল বিষয় হলো, হিসাবধারী যাদের সম্পদের সুবিধাভোগী করতে চান এবং যিনি নির্ভরযোগ্য—তাকেই নমিনি করা উচিত। সন্তানকে নমিনি করার সময় তার বয়স গুরুত্বপূর্ণ, কারণ অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সরাসরি অর্থ তুলতে পারে না।
জনতা ব্যাংক পিএলসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক সময় ব্যাংকে ঝামেলা হয়, কিন্তু অপ্রাপ্তবয়স্ক সন্তানের হাতে টাকা দেওয়া যায় না; একজন অভিভাবক প্রয়োজন। সেই অভিভাবক বিশ্বাসযোগ্য কিনা, তার নিশ্চয়তা নেই। তাই প্রাপ্তবয়স্ক কাউকে নমিনি করাই ভালো। একাধিক ব্যক্তিকেও নমিনি করা যায়, যেখানে প্রত্যেকের প্রাপ্য শতাংশ আগে নির্ধারণ করে দেওয়া সম্ভব। একজনের একাধিক হিসাব থাকলে সবগুলিতে একই নমিনি রাখার বাধ্যবাধকতা নেই; ভিন্ন হিসাবে ভিন্ন ব্যক্তিকেও নমিনি করা যায়।
ঢাকা ব্যাংক পিএলসির কারওয়ান বাজার শাখার কর্মকর্তা মেরিন নাজনীন জানান, হিসাবধারীর মৃত্যুর পর ব্যাংক নিজে নমিনিকে খোঁজে না; নমিনিকে এসে অর্থ দাবি করতে হয়। এজন্য মৃত্যুসনদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। ব্যাংক নমিনির পরিচয় ও নথিপত্র যাচাই করে, প্রয়োজনে নমিনিকে নতুন হিসাব খুলতে হতে পারে। আনুষ্ঠানিকতা শেষে হিসাব খোলার সময় দেওয়া নির্দেশনা অনুযায়ী অর্থ নিষ্পত্তি করা হয়। সময়ের সঙ্গে পরিবারিক পরিস্থিতি বদলায়—বিয়ে, সন্তানের জন্ম, বিবাহবিচ্ছেদ বা অন্য কারণে আগের নমিনি আর উপযুক্ত নাও হতে পারে। সে ক্ষেত্রে হিসাবধারী যেকোনো সময় নমিনি পরিবর্তন করতে পারেন।
নমিনি নির্বাচন একটি ফরম পূরণের আনুষ্ঠানিকতা নয়; এটি ভবিষ্যতের অনিশ্চয়তার কথা মাথায় রেখে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আবেগ, তাড়াহুড়া বা সাময়িক সম্পর্কের ভিত্তিতে নয়; বরং পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করেই নমিনি নির্বাচন করা উচিত।



