ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বন্ড বাইব্যাক সম্প্রসারণ নীতি নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামত কলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা হয়েছে, তা প্রকাশ্যে স্বীকার করেছেন বিলিয়নিয়ার হেজ ফান্ড ম্যানেজার স্ট্যানলি ড্রাকেনমিলার। সমাজমাধ্যমে কলামটি নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেটির সত্যতা তিনি নিশ্চিত করেছেন।

জর্জ সোরোসের অধীনে একসময় বেসেন্টের সাথে কাজ করা ড্রাকেনমিলার বলেছেন, সরকারি বন্ড পুনঃক্রয়ের সর্বোচ্চ পরিমাণ প্রতি কার্যক্রমে ৪ বিলিয়ন ডলারে দ্বিগুণ করার বেসেন্টের নীতি আসলে 'মূল্য নিয়ন্ত্রণ — এবং এটি একটি ভুল'। এই মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল, এবং অনেকে কলামটি এআই-নির্মিত বলে অভিযোগ তোলেন। প্যাংগ্রাম নামের একটি এআই-সনাক্তকরণ সরঞ্জাম কলামটিকে ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্মিত বলে চিহ্নিত করার পরই এই বিতর্কের সূত্রপাত।

নোটাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্রাকেনমিলার বলেন, 'অবশ্যই আমি এআই ব্যবহার করেছি। এতে আমার কোনো লজ্জা নেই... আমি এখন সব লেখাই এআই দিয়ে করি, ঠিক যেমনটা গণিতের সমস্যা সমাধানে আমি ক্যালকুলেটর ব্যবহার করি।' তিনি বাইব্যাক সম্প্রসারণকে 'বিশ্বাসযোগ্য রাজস্ব প্যাকেজ'-এর সাথে তুলনা করে লিখেছেন, 'মৌলিক বিষয়গুলোর বিরুদ্ধে দাম রক্ষা করতে গেলে সরকার সবসময়ই হেরে যায়।'

গত ১৯ আগস্ট এই সম্প্রসারণ ঘোষণার পর দীর্ঘমেয়াদি বন্ডের ফলন হঠাৎ কমে যায়, তবে পরদিন বিকেলেই তা আগের পর্যায়ে ফিরে আসে — এই দ্রুত বাজারের প্রতিক্রিয়াই ড্রাকেনমিলার তার যুক্তির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, উচ্চ ফলন উচ্চ ঋণ ও ক্রমবর্ধমান বাজেট ঘাটতির একটি স্বাভাবিক সতর্ক সংকেত হিসেবে কাজ করে।

মঙ্গলবারের হিসাব অনুযায়ী ড্রাকেনমিলারের মোট সম্পদের পরিমাণ ৭.৮ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের পর থেকে ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে বাইরের অবদানকারীদের এআই-সহায়ক লেখা গ্রহণের বিষয়ে কোনো স্পষ্ট নীতি আছে কিনা তা জানা যায়নি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা 'জটিল ডেটা-চালিত তদন্ত, নিবন্ধ সংক্ষিপ্তকরণ, কিছু বিষয়বস্তু স্থানীয় ভাষায় অনুবাদ এবং ওয়েবসাইটের ফিচার চালু করতে' এআই ব্যবহার করে, তবে 'এআই ইনপুট সম্বলিত কাজ প্রকাশের আগে একজন সাংবাদিক তা পর্যালোচনা করেন'।

ট্রেজারি বিভাগ বাইব্যাক সম্প্রসারণের কারণ হিসেবে 'বাজারের অংশগ্রহণকারীদের থেকে ধারাবাহিক শক্তিশালী সমর্থন' উল্লেখ করলেও, ড্রাকেনমিলার পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, এই সমর্থনই 'সুস্থ বাজারের সংজ্ঞা'। আগামী ১০ সেপ্টেম্বর থেকে পুরনো সিকিউরিটিজ ক্রয় বাড়ানোর পরিকল্পনা করছে ট্রেজারি বিভাগ, যার লক্ষ্য দীর্ঘমেয়াদি বন্ডের চাহিদা বাড়িয়ে ফলন কমানো।

উল্লেখ্য, ১৯৯০-এর দশকে সোরোস ফান্ড ম্যানেজমেন্টে বেসেন্টের সাথে কাজ করেছেন ড্রাকেনমিলার, এবং তাকে প্রায়ই ট্রেজারি সেক্রেটারির 'সাবেক পরামর্শদাতা' হিসেবে বর্ণনা করা হয়।