জরুরি আর্থিক প্রয়োজন, যেমন চিকিৎসা, শিক্ষা বা বাড়ি সংস্কারের জন্য ব্যক্তিগত ঋণ সুবিধা প্রদান করছে বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক। ব্যাংকটি বর্তমানে তাদের ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করেছে। ঋণগ্রহীতার মাসিক আয়, পেশা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে এই ঋণের পরিমাণ নির্ধারিত হবে।

সিটি ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি চাকরিজীবীদের এই ঋণ পেতে হলে মাসিক আয় ন্যূনতম ৪০ হাজার টাকা হতে হবে। যাদের বেতন ৪০ হাজার টাকা, তারা ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা এবং যাদের বেতন ৫০ হাজার টাকা, তারা ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে আয়ের শর্তে কিছুটা শিথিলতা থাকলেও ঋণের অংক হবে তুলনামূলক কম। অন্যদিকে, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি বা হিসাববিদদের মতো পেশাজীবীদের ক্ষেত্রে মাসিক আয় কমপক্ষে ৬০ হাজার টাকা এবং দুই বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ব্যবসায়ীদের জন্য শর্ত হলো, ব্যবসা অন্তত তিন বছর পুরনো হতে হবে এবং মাসিক আয় ন্যূনতম ১ লাখ টাকা হতে হবে। এছাড়া বাড়িওয়ালাদের ক্ষেত্রে মাসিক আয় ৫০ হাজার টাকা হওয়া প্রয়োজন।

আবেদনকারীর বয়স অবশ্যই ২২ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ঋণের পরিশোধের সময়সীমা ঋণগ্রহীতা তার সামর্থ্য অনুযায়ী ১২ মাস থেকে ৬০ মাস (১ থেকে ৫ বছর) পর্যন্ত বেছে নিতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রের মধ্যে রয়েছে আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, ভিজিটিং কার্ড বা অফিস পরিচয়পত্র, হালনাগাদ ই-টিআইএন সনদ এবং ইউটিলিটি বিলের কপি। এছাড়া চাকরিজীবীদের জন্য অফিসের পরিচিতিপত্র, বেতন বিবরণী এবং ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। পেশাজীবীদের ক্ষেত্রে পেশাগত যোগ্যতার সনদ এবং নিজস্ব প্যাডে আয়ের ঘোষণা প্রয়োজন।

এই ঋণের প্রধান আকর্ষণ হলো কোনো গোপন চার্জ না থাকা এবং প্রতিযোগিতামূলক সুদহার। বর্তমানে সুদের হার ১০ থেকে ১১ শতাংশের আশেপাশে থাকলেও এটি পরিবর্তনশীল। এছাড়া ঋণগ্রহীতার মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ঋণের দ্বিগুণ অঙ্কের বিমা সুরক্ষা সুবিধা রয়েছে। সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্টস (অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার) সুবীর কুমার কুন্ডু জানান, গ্রাহকের পেশা, আয় এবং চাকরির ধরন বিবেচনা করে চূড়ান্ত ঋণের সীমা নির্ধারণ করা হয়। ব্যাংকটির সূত্রমতে, এই প্যাকেজের আওতায় প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয় এবং যেকোনো ব্যাংক হিসাব থেকেই এই ঋণের জন্য আবেদন করা সম্ভব। তবে প্রসেসিং ফি এবং মাসিক কিস্তির বিস্তারিত তথ্যের জন্য আবেদনের আগে ব্যাংকের সাথে কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে।