বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রনৌত ও তাপসী পান্নুর মধ্যে পুরোনো বিরোধ যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি তাপসী পান্নু তাঁর নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এই সিনেমার প্রচারের অংশ হিসেবে এক সাক্ষাৎকারে কঙ্গনা রনৌতের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। সেই সাক্ষাৎকারে তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তাঁর কখনোই সরাসরি দেখা হয়নি। ২০১৯ সালে যখন তাঁদের নিয়ে প্রথম বিতর্ক শুরু হয়েছিল, তখনও তাঁরা মুখোমুখি হননি। এখন পর্যন্ত সেই অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি।

তাপসী পান্নু আরও বলেন, কঙ্গনা সম্পর্কে তাঁর ধারণা তাঁর নিজের জীবনদর্শন ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। কে কোথা থেকে এসেছেন, সেই পরিচয়ই অনেক সময় মানুষের মনোভাব নির্ধারণ করে দেয়—এমন ইঙ্গিতও দেন তিনি। তাপসীর এই মন্তব্যই যে কঙ্গনাকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে, তা স্পষ্ট হয়ে ওঠে কঙ্গনার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি থেকে। শনিবার সন্ধ্যায় তাপসীর নাম সরাসরি না নিয়ে কঙ্গনা লেখেন, ‘এক সস্তি কপি’ তাঁর নতুন বি-গ্রেড সিনেমার প্রচারে বেরিয়েছেন, কিন্তু সংবাদমাধ্যমের নজর কাড়ছে মূলত কঙ্গনা রনৌতকে নিয়ে করা আলোচনাই।

এরপরই তাপসীকে আরও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন কঙ্গনা। তিনি অভিযোগ করেন, তাপসী তাঁর শৈশব ও মা-বাবাকে নিয়ে উপহাস করেছেন। কঙ্গনার ভাষ্য, প্রতিটি মা-বাবা তাঁদের সন্তানদের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। তিনি নিজে কোনোদিন কারও মা-বাবাকে বিতর্কে টেনে আনেননি। তবে এবার তাপসীর মা-বাবাকে লক্ষ্য করে তিনি প্রশ্ন ছুড়ে দেন—তাঁরা কেন কঙ্গনার মা-বাবার মতো একজন ‘অরিজিনাল’ মানুষকে জন্ম দিতে পারলেন না। আরেকটি স্টোরিতে তাপসীকে সরাসরি আক্রমণ করে কঙ্গনা নিজের পারিবারিক পটভূমি নিয়েও আলোচনা করেন।

কঙ্গনা দাবি করেন, শহরের প্রান্তিক এলাকায় ছোট ও স্যাঁতসেঁতে ভাড়া বাড়িতে বেড়ে ওঠা এবং ‘সন্দেহজনক’ পারিবারিক পটভূমির মানুষজন প্রায়ই তাঁর পরিবারকে নিয়ে প্রশ্ন তোলেন। অথচ তিনি একটি পরিচিত রাজপুত জমিদার পরিবার থেকে এসেছেন এবং শিক্ষিত ও মর্যাদাসম্পন্ন মা-বাবার কাছে বড় হয়েছেন। তিনি নিজের পছন্দেই শূন্য থেকে ক্যারিয়ার শুরু করেছিলেন বলে উল্লেখ করেন। তাই তাঁর মা-বাবাকে আক্রমণ করার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে কঙ্গনার এই স্টোরিগুলো ইনস্টাগ্রামে বেশিক্ষণ টিকেনি। আজ রোববার সকাল নাগাদ সেগুলো মুছে ফেলা হয়েছে। কঙ্গনা ও তাপসীর এই দ্বন্দ্ব অবশ্য নতুন নয়। ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিরোধের সূত্রপাত। কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল তখন তাপসীকে কঙ্গনার ‘সস্তি কপি’ বলে মন্তব্য করেছিলেন। এরপর ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি বিতর্ক যখন তুঙ্গে, তখন কঙ্গনা তাপসীসহ বেশ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ ও ‘নিডি আউটসাইডার’ বলে কটাক্ষ করেন। সেই সময় পাল্টা জবাব দিয়েছিলেন তাপসীও।

উল্লেখ্য, এই দ্বন্দ্বের মধ্যেই তাপসী একাধিকবার জানিয়েছেন, মতের অমিল থাকলেও কঙ্গনার সঙ্গে বন্ধুত্ব করতে তাঁর আপত্তি নেই। তবে কঙ্গনার সাম্প্রতিক আক্রমণাত্মক মন্তব্য থেকে স্পষ্ট যে, দুই অভিনেত্রীর সম্পর্ক এখনো যথেষ্ট তিক্ত অবস্থায় রয়েছে।