দেশি ও বিদেশি বিনিয়োগের জন্য একটি প্রতিযোগিতামূলক, স্থিতিশীল এবং আকর্ষণীয় পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টয়োটা তুশো করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাসের কথা জানান। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি। প্রধানমন্ত্রীর উপ–প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এই বৈঠকের বিস্তারিত তথ্য প্রদান করেন।
বৈঠকে টয়োটা তুশো করপোরেশনের সদস্যরা বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের একটি বিশেষ পরিকল্পনা প্রধানমন্ত্রীকে জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের ফলে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে, শিল্পায়নের প্রসার ঘটবে এবং প্রযুক্তির হস্তান্তরের মাধ্যমে স্থানীয় দক্ষ মানবসম্পদের উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়া বাংলাদেশে টয়োটার দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
টয়োটার এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা এবং নীতিগত সহায়তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। একই সাথে তিনি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের অপার সম্ভাবনার কথা উল্লেখ করেন এবং এই ক্ষেত্রগুলোতে টয়োটা বিনিয়োগ করলে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানান।
প্রতিনিধিদল আরও জানায়, তারা বাংলাদেশের বিভাগীয় পর্যায় পর্যন্ত তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিস্তৃত করার পরিকল্পনা করছেন, যাতে দেশের সব প্রান্তে টয়োটার সেবা সহজলভ্য হয়। এছাড়া ২০২৭ সাল নাগাদ দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ এই দর্শনে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (এইচইভি) উৎপাদন শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এই প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে তরুণ প্রজন্মের কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান। টয়োটা তুশো করপোরেশনের পক্ষ থেকে মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




