বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল) এবং লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থের মধ্যে একটি আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপ চুক্তি সম্পন্ন হয়েছে। গত ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়।

এই সহযোগিতামূলক চুক্তির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) কার্যক্রম সহজলভ্য করা এবং এর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা। এখন থেকে এলসিএলএস নর্থ এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার কার্যক্রম বাংলাদেশে তত্ত্বাবধান ও পরিচালনা করবে।

চুক্তিপত্রটিতে স্বাক্ষরকারী হিসেবে উপস্থিত ছিলেন ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল, শিলান শাহ-ডেভিস। অন্যদিকে, এলসিএলএস নর্থের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার ও এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার আইনজীবী আসিফ রহমাতুল্লাহ। এই অংশীদারিত্বের ফলে স্থানীয় শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের আইনি শিক্ষা লাভের নতুন সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।