অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার জন্য আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিবাসন ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছে দেশটির রাজনৈতিক দল ওয়ান নেশন। দলটির নতুন অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের স্বামী, স্ত্রী বা সন্তানদের নিয়ে আসার সাধারণ সুযোগটি সম্পূর্ণভাবে বাতিল করার প্রস্তাব করা হয়েছে। ওয়ান নেশনের দাবি, বর্তমান শিক্ষা ও অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে, যা রোধ করা প্রয়োজন।
তবে এই কঠোর নিয়মের মাঝেও একটি বিশেষ সুযোগের কথা উল্লেখ করেছে দলটি। তারা 'হাই ভ্যালু স্টাডি ভিসা' নামক একটি নতুন ভিসা ক্যাটাগরি চালুর প্রস্তাব দিয়েছে। এই বিশেষ ভিসার আওতায় কেবল নির্দিষ্ট কিছু স্নাতকোত্তর এবং উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীরা তাঁদের পরিবারকে সাথে আনতে পারবেন। এই সুবিধাটি সবার জন্য উন্মুক্ত হবে না; বরং কেবল সেইসব পাঠ্যক্রমের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে যা অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থের সাথে সরাসরি সম্পৃক্ত এবং যেসব ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষ জ্ঞান ও দক্ষতা দেশটির প্রয়োজন।
ওয়ান নেশনের মতে, যারা প্রকৃত শিক্ষার্থী এবং একা অস্ট্রেলিয়ায় এসে গুরুত্বের সাথে পড়াশোনা করতে আগ্রহী, তাদের সুযোগ দেওয়া উচিত। তবে বর্তমান ব্যবস্থায় প্রকৃত শিক্ষার চেয়ে অভিবাসনের সুযোগ নেওয়া হচ্ছে বলে তারা মনে করে। ফলে, জাতীয় প্রয়োজন এবং বিশেষ দক্ষতাকে প্রাধান্য দিয়ে এই নতুন অভিবাসন নীতি কার্যকর করার কথা বলা হয়েছে।




