নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে গত রোববার এই ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব স্বাক্ষরিত আলাদা দুটি আদেশে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের নৈতিক স্খলন এবং ওই অশালীন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় প্রাথমিক শিক্ষার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের দায়ে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তের সময়কালে বিধি অনুযায়ী দুজনেই খোরপোশ ভাতা পাবেন।

ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বর থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই সময়ের বলে জানা যায়। বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের অফিসকক্ষে অবস্থান করছিলেন ওই দুই শিক্ষক। সেখানেই ভিডিওটি ধারণ করা হয়। পরে সেটি ইন্টারনেটে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

এর আগে গত ২৫ আগস্ট দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা হিসেবে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।