ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর অংশে একটি কাঠের গুঁড়িবোঝাই ট্রাক বিকল হয়ে পড়লে তা মেরামত করতে গিয়ে চাপা পড়ে প্রাণ হারান দুই মিস্ত্রি। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুজন হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর এলাকার মামুনুর রশিদ (২০) এবং নন্দীগ্রাম উপজেলার বাসো এলাকার আবু হানজালা (২৬)। তাঁরা পেশায় ট্রাক মেরামতের মিস্ত্রি ছিলেন। এ ঘটনায় ট্রাকচালক লিটন মিয়া (২২) নামে আরেকজনও আহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম উপজেলার দামগাড়ি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, মহিপুর এলাকায় কাঠের গুঁড়িবোঝাই ট্রাকটি বিকল হয়ে গেলে বগুড়া থেকে দুই মিস্ত্রি সেখানে গিয়ে মেরামতের কাজ শুরু করেন। সড়ক বিভাজকের পাশে মহাসড়কের পশ্চিম দিকে চালকসহ তাঁরা কাজ করছিলেন। হঠাৎ ট্রাকটি পশ্চিম দিকে হেলে পড়লে তিনজনই এর নিচে চাপা পড়েন। ঘটনার খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে শেরপুর হাইওয়ে পুলিশ আহত তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই মিস্ত্রির মৃত্যু হয়। আহত ট্রাকচালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহত দুজনের পরিচয় শনাক্তের পর বুধবার ভোরে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ট্রাকচালকের চিকিৎসা অব্যাহত আছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



