ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে, যা গত শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়, সেখানে এক সাংবাদিক জানতে চান, ভারতে বাংলাদেশের হাইকমিশনে সম্প্রতি দুজন প্রেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাঁদের অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দিতে দেখা গেছে। এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া আছে কি না? জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল মন্তব্য করেন, নতুন অফিসার নিয়োগের বিষয়টি তাঁরা দেখেছেন এবং তাঁদের জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’ অন্যদিকে, ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে জয়সোয়াল জানান, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয় এবং এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে জয়সোয়াল জানান, বিষয়টি নিয়ে পরে বিস্তারিত কথা বলবেন তিনি।
নতুন কর্মকর্তা নিয়োগ: বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার আশা ভারতের
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস অফিসার নিয়োগের পর সম্পর্ক এগিয়ে নিতে তাদের সঙ্গে কাজ করবে ভারত। ব্রিকস শীর্ষ সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ প্রসঙ্গে পরে কথা বলবেন তিনি।




