দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার ঘোষণা এসেছে। স্পাইকস্টোরি লিমিটেডের আয়োজনে এবং প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় আসন্ন অক্টোবরে ‘প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ২০২৬’ নামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এতে মোট ১০ লাখ টাকার পুরস্কার বিতরণের পরিকল্পনা রয়েছে।
প্রতিযোগিতাটি চারটি ভিন্ন বিভাগে সাজানো হয়েছে — ‘এআই বাণিজ্যিক’, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’, ‘সংগীত সৃষ্টি’ এবং ‘ফ্যাশন ডিজাইন’। অংশগ্রহণে আগ্রহী যে কেউ নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে নিজেদের তৈরি এআই ভিডিও জমা দিতে পারবেন। বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বব্যাপী সৃজনশীল শিল্পের চিত্র দ্রুত বদলে দিচ্ছে। চলচ্চিত্র, সংগীত ভিডিও কিংবা ফ্যাশন প্রযুক্তি — সর্বত্র এআই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই বৈশ্বিক বিপ্লবের সাথে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সম্ভাবনাময় ক্রিয়েটরদের একটি জাতীয় প্ল্যাটফর্মে আনার পাশাপাশি শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থান নিয়ে প্রাণ-আরএফএলের দীর্ঘমেয়াদি কাজের ধারায় এবার যুক্ত হলো প্রযুক্তি খাত।
প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন স্পাইকস্টোরি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হোসেন আল ফারাবি। তিনি জানান, ভিডিওনির্ভর এই আয়োজন সব বয়সী বাংলাদেশি নাগরিকের জন্য উন্মুক্ত, তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করে নিজেদের ভিডিও জমা দিতে পারবেন আগ্রহীরা। প্রচারণার অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালা ও প্রচার অভিযান চালানো হবে, যেখানে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে।
প্রাথমিক বাছাইয়ের পর প্রতিটি বিভাগ থেকে ১২ জন করে মোট ৪৮ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হবে। এরপর অক্টোবরে চূড়ান্ত প্রতিযোগিতার আগে নির্বাচিত নির্মাতাদের জন্য দুই দিনের ‘প্রিজম এআই বুটক্যাম্প’ আয়োজন করা হবে। সেখানে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এআই টুলসের নৈতিক ব্যবহার এবং শৈল্পিক কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও এআই ক্রিয়েটরদের একটি টেকসই ইকোসিস্টেম ও দীর্ঘমেয়াদি কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে অংশীদার হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার, সিমস সলিউশন, আস্থা আইটি, টেন মিনিট স্কুল, মেরুন ইন-করপোরেশন, আলেফ গ্রুপ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিই সেন্টার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পাইকস্টোরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইমুম হোসেন, আস্থা আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসনাইন রিজভী রহমান এবং সিমস সলিউশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরীসহ অন্যরা।




